দার্জিলিংয়ের বন্ধ্ ২০ দিনে পড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো শান্ত হয়নি ভারতের পশ্চিমবঙ্গের একমাত্র পাহাড়ি জেলা দার্জিলিং। গত ১২ জুন থেকে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে শুরু হওয়া অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ আজ শনিবার ২০ দিনে পা দিয়েছে। রাজ্যের বিদ্যালয় পর্যায়ে বাংলা ভাষাকে পঠনপাঠনে যুক্ত করায় ক্ষুব্ধ হয়ে দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা এই অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ (হরতাল) ডাক দেয়।

এখনো দার্জিলিংয়ের দোকান বাজার বন্ধ। চলছে না যানবাহন। তবে বিভিন্ন জায়গায় চলছে অফিস ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা। ইতিমধ্যে দেখা দিয়েছে খাদ্য-সংকট। মিলছে না গ্যাস। বন্‌ধ্‌-বিরোধীরা অভিযোগ তুলেছে, নেতারা ঠিকই ঘুরপথে তাঁদের খাদ্যদ্রব্য বাইর থেকে আনিয়ে নিচ্ছেন।
এদিকে দার্জিলিংয়ের মিরিক পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি দার্জিলিংয়ের চার পৌরসভার নির্বাচনে একমাত্র মিরিক পৌরসভায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। আর কালিম্পং পৌরসভায় দুটি আসন পায় তৃণমূল। দার্জিলিংয়ে পৃথক গোর্খাল্যান্ডের আন্দোলন শুরু হলে জনমুক্তি মোর্চার হুমকিতে কালিম্পংয়ের দুই তৃণমূল কাউন্সিলর তৃণমূল ছাড়েন।
এদিকে মিরিক পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের তৃণমূল কংগ্রেস ছাড়ার জন্য মোর্চার নেতারা চাপে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে এখনো শান্ত হয়নি দার্জিলিং।
দার্জিলিং থেকে তুলে নেওয়া হয়েছে সেনাবাহিনী। তবে এখনো রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক সুরজিৎ পুরকায়স্থ দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার ধ্বংসাত্মক আন্দোলন ঠেকাতে আরও ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (সিআরপিএফ) চেয়েছে। অন্যদিকে রাজ্যের দাবিমতো অতিরিক্ত বাহিনী দেওয়া যায় কি না, তা বিবেচনা করার জন্য কেন্দ্রীয় সরকারকে শুক্রবার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ।