দার্জিলিংয়ের মেয়েকে পরিবারের সদস্য করছেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: প্রথম আলো

পাঁচ দিনের সফরে দার্জিলিং অবস্থান করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত রোববার তিনি দার্জিলিং যান। এই সফরে পাহাড় দেখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। তাঁদের সুখ-দুঃখের কথা শুনছেন। এ ছাড়া বিজেপিবিরোধী দলকে শক্তিশালী করতে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করছেন। শান্তি বজায় রেখে পাহাড়ের উন্নয়নকাজের জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন তিনি।

সফরকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, দার্জিলিং তাঁর খুব ভালো লাগে। পাহাড়সুন্দরী তাঁকে আকৃষ্ট করে রাখে। তাইতো এই পাহাড়ের এক নারীকে পরিবারের সদস্য করছেন তিনি। নিজের পরিবারের এক সন্তানকে বিয়ে দিচ্ছেন পাহাড়ের এক নারীর সঙ্গে।

জানা গেছে, মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে ঠিক হয়েছে পাহাড়ের এক পাত্রীর সঙ্গে। পাত্রী বৃহত্তর দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের বাসিন্দা। পেশায় চিকিৎসক পাত্রী বর্তমানে কার্শিয়াংয়ে কর্মরত। ইতিমধ্যে বিয়ের দিন-তারিখও ঠিক হয়ে গেছে। আগামী ডিসেম্বরে এই বিয়ের ফুল ফুটবে।

পাত্রী এর আগে আবেশের সঙ্গে চিকিৎসা শাস্ত্র নিয়ে একই ব্যাচে পড়াশোনা করেছেন। সেই সূত্রেই তাঁদের যোগাযোগ।