দালাই লামা ও ভারতীয় এক সেনা
প্রায় ছয় দশক আগের কথা। চীনের বিরুদ্ধে আন্দোলন ব্যর্থ হওয়ার পর ১৯৫৯ সালে ভারতে প্রবেশ করেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। ভারতের একদল সেনা তাঁকে পাহারা দিয়ে নিরাপদে নিজেদের মাটিতে নিয়ে আসে। তারপর পেরিয়ে গেছে অনেক বছর।
ভারতের ওই সেনাদের কেউ এখন প্রয়াত, কেউবা জীবন সায়াহ্নে। দালাই লামার নিজের বয়সও ৮১ ছাড়িয়েছে। গত বছরের মতো এবারও চীনের ক্ষোভ উপেক্ষা করে অরুণাচল সফরে যাচ্ছেন তিনি। গতকাল সোমবারই সেখানে পৌঁছানোর কথা ছিল তাঁর। তবে এর আগে আসাম সফর করেন। আর সেখানেই দেখা হয় নরেন চন্দ্র দাসের সঙ্গে। ৭৯ বছর বয়সী সাবেক এই সেনাসদস্য দালাই লামাকে ভারতে নিয়ে আসা আসাম রাইফেলসের সেনাদের একজন ছিলেন।
সাক্ষাতে নরেন চন্দ্র দাসকে দালাই লামা রসিকতা করে বলেন, ‘তোমার চেহারা দেখেই বুঝতে পারছি, আমিও বুড়ো হয়ে গেছি।’
১৯৫৯ সালে প্রথমবারের মতো দালাই লামার সঙ্গে দেখা হয় নরেন চন্দ্র দাসের। আন্দোলন ব্যর্থ হওয়ার পর সেনাদের ছদ্মবেশে তিব্বত থেকে পালিয়ে ভারতের সীমান্তে চলে আসেন তিব্বতিদের আধ্যাত্মিক নেতা। সেদিনের ঘটনা বর্ণনা করে নরেন চন্দ্র দাস বলেন, ‘আসাম রাইফেলসের ৯ নম্বর প্লাটুনের নিরাপত্তারক্ষীরা দালাই লামাকে যুথাংবো থেকে নিয়ে অরুণাচলের শক্তি এলাকায় আমাদের পাঁচজনের কাছে পৌঁছে দেন।’
এদিকে, অরুণাচল প্রদেশ সফরের আগে নিজেকে ভারতীয় সংস্কৃতির বাহক বলে বর্ণনা করেছেন দালাই লামা। চীনের আপত্তি সত্ত্বেও সোমবার থেকে শুরু হচ্ছে তাঁর অরুণাচল প্রদেশ সফর। সেখানে তিনি বৌদ্ধধর্মের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন। ইতিমধ্যে আসাম সফরের সময় রাজধানী গুয়াহাটিতে এক অনুষ্ঠানে সম্প্রীতি রক্ষার পথ বাতলে দিতে গিয়ে এই নেতা বলেন, ‘আমরা সবাই মানুষ। এটা মাথায় রাখলেই ভেদাভেদ অনেক কমে যায়।’