দিদির স্বপ্ন এখন প্রধানমন্ত্রী হওয়া: অমিত শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ফাইল ছবি
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, ‘মমতা দিদির স্বপ্ন এখন ভারতের প্রধানমন্ত্রী হওয়া। এ জন্য বারবার শুধু মহাজোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন তিনি। অথচ তাঁর মহাজোটে কারা আছেন—সেই কথা বলছেন না।’

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কালিম্পংয়ে বিজেপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় আজ বৃহস্পতিবার দুপুরে অমিত শাহ এ কথা বলেছেন। তিনি আরও বলেন, ভারত সরকার এবার উদ্বাস্তু ও শরণার্থীদের নাগরিকত্ব দেবে। কালিম্পংয়ে বসবাসকারী হিন্দু, শিখ, গোর্খা ও নেপালিদের দেওয়া হবে নাগরিকত্ব। কারণ তাঁরা এ দেশেরই নাগরিক। তবে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া হবে না।

অমিত শাহ বলেন, বিজেপি গোর্খাদের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করবে। দার্জিলিংয়ের উন্নয়ন করবে। এদিন এক ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তিনি বলেছেন, ‘সুভাষ ঘিসিং থেকে আপনারা সবাই বহু লড়াই করেছেন। আপনাদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। ২৬ মে তার অবসান হবে।’

দার্জিলিংয়ে জেতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বিজেপি সভাপতি বলেন, ‘জুলুম করলেও ওরা দার্জিলিংয়ে জিততে পারবে না। কারণ এই দার্জিলিংয়ে ক্ষমতা রয়েছে গোর্খাদের হাতে। তাই তো আমরা গোর্খাদের পাশে আছি।’

এখন পশ্চিমবঙ্গে কোনো আইনশৃঙ্খলা নেই বলে মন্তব্য করেন অমিত শাহ। তিনি বলেন, মমতার শাসনামলে কোনো শিল্প গড়ে ওঠেনি। গড়ে উঠেছে শুধু বোমা তৈরির শিল্প। এখানে অন্য সব শিল্প শেষ। চা শ্রমিকদের জন্য মমতা এই রাজ্যে কিছুই করেননি। এবার ক্ষমতায় গেলে বিজেপি চা শিল্পের সমস্যার সমাধান করবে। স্বাস্থ্য বিমার প্রকল্প চালু করা হবে। আসাম ও বাংলার চা শ্রমিকদের উন্নয়নের জন্য গ্রহণ করা হবে নানা উন্নয়ন প্রকল্প।

কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপি সভাপতি বলেন, কংগ্রেস ভারতের একটি দুর্নীতিগ্রস্ত দল। দেশে দুর্নীতি ছড়াতে ক্ষমতায় আসতে চাইছে কংগ্রেস। সেই সুযোগ এবার পাবে না কংগ্রেস। দ্বিতীয়বার ক্ষমতায় আসবে বিজেপি। দার্জিলিং আসনের বিজেপি প্রার্থী রাজু বিস্তকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে দার্জিলিং আসনের ভোট।