দিল্লি আর দূরে থাকছে না ত্রিপুরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়াজনিত অনিশ্চয়তার মধ্যেই নতুন স্বপ্নের বীজ বুনে অবশেষে বহুপ্রতীক্ষিত যাত্রা শুরু! দিল্লি আর দূরে থাকছে না। ঘটা করেই ভারতের প্রান্তিক রাজ্য ত্রিপুরার রাজধানীর সঙ্গে দিল্লির সরাসরি রেলযোগাযোগের উদ্বোধন করা হলো গতকাল রোববার।

 আগরতলায় ভারতীয় রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুর উপস্থিতিতে প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ পথ ৪৮ ঘণ্টায় অতিক্রম করার লক্ষ্য নিয়ে দৌড় শুরু করল ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস। দুর্গম পাহাড়ি পথ দিয়ে আসাম-পশ্চিমবঙ্গ-বিহার হয়ে বহু চড়াই-উতরাই পার হয়ে সাপ্তাহিক এই ট্রেন দিল্লি পৌঁছাবে। 

এর আগে বেশ কয়েকবার সরাসরি রেল চালুর কথা বলা হলেও বর্ষায় আসামের হাফলংয়ে পাহাড়ের ধস প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এখন ব্যয়বহুল বিমানের বদলে ট্রেনে চেপেই রাজ্যবাসী যেতে পারবেন দিল্লি বা ভারতের অন্যত্র।

পাশাপাশি এদিনই ত্রিপুরাবাসীর জন্য আরেকটি নতুন আশা পূরণের যাত্রা শুরু হলো। শুরু হলো ভারত-বাংলাদেশ ১৫ কিলোমিটার আন্তর্জাতিক রেলপথ নির্মাণকাজের। এ রেলপথ চালু হলে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের মূল ভূখণ্ডের আরও কাছে চলে আসবে ত্রিপুরাবাসী।