দিল্লি ও আশপাশে জোড়-বিজোড় গাড়ি চলবে আজ থেকে
মাত্রাছাড়া দূষণ কমাতে ভারতের রাজধানী দিল্লি ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে গাড়ি চলাচলে জোড়-বিজোড় বিধি। ব্যক্তিগত গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যা যাঁদের বিজোড়, আজ শুধু তাঁরাই রাস্তায় গাড়ি নামাতে পারবেন। জোড় তারিখে চলবে জোড় সংখ্যার গাড়ি।
১৫ জানুয়ারি পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই বিধি চালু থাকবে। এরপর ভালো-মন্দ খতিয়ে দেখে চালু হবে দীর্ঘমেয়াদি নিয়ম।
বিধি সফল করতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সবার সহযোগিতা চেয়েছেন। রাজধানীর সব স্কুল ১৫ তারিখ পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে, যাতে স্কুলের গাড়ি রাস্তায় নামানো যায়। তিন হাজার বাস বাড়তি চালানো হবে। পুলিশকে সাহায্য করবে ছয় হাজার স্বেচ্ছাসেবক। বিধি ভাঙলে দুই হাজার রুপি জরিমানা গুনতে হবে। জরিমানা দেওয়ার পর সে গাড়িকে দুই ঘণ্টার মধ্যে বাড়ি ফিরতে হবে। ওই গাড়িকে কোথাও পার্ক করতে দেওয়া হবে না। এই বিধি থেকে নারী চালক ও দুই চাকার যানকে ছাড় দেওয়া হয়েছে। অবশ্য কেন এই ছাড়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দিল্লি হাইকোর্ট।