দিল্লি দখলের লড়াই জমে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি বিধানসভার নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে মরিয়া ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) চেষ্টার ত্রুটি রাখছে না। তবে দলে নতুন মুখ টানাকে কেন্দ্র করে বিজেপিতে অসন্তোষও চাপা থাকছে না। অন্যদিকে শেষ মুহূর্তে জেগে ওঠা কংগ্রেস লড়াইয়ে টিকে থাকতে আম আদমি পার্টির (এএপি) বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে। সব মিলিয়ে জমে উঠছে দিল্লি দখলের লড়াই।

৭০ আসনের দিল্লি বিধানসভার নির্বাচন হবে ৭ ফেব্রুয়ারি। ওই নির্বাচনে দল ভারী করতে ভারতের পুলিশের প্রথম নারী আইপিএস কিরণ বেদীকে বিজেপি দলে টেনেছে তিন দিন আগে। তাঁরই পাশাপাশি বিজেপিতে এসেছেন আম আদমি পার্টির (এএপি) নেত্রী সাজিয়া ইলমি ও এএপি থেকে বিতাড়িত দিল্লির বিধায়ক বিনোদকুমার বিন্নিও। গতকাল সোমবার আবার কংগ্রেসের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কৃষ্ণা তীরথকে দলে টেনে বিজেপি চমক দিল। মনমোহন সিং সরকারে কৃষ্ণা ছিলেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী। লোকসভার গত ভোটে তিনি পশ্চিম দিল্লি কেন্দ্র থেকে হেরে যান। এখন দেখার, বিজেপি তাঁকে দাঁড় করায় কি না। কৃষ্ণার দলত্যাগের পর কংগ্রেস নেতা অজয় মাকেন বলেন, ‘এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে বিজেপি কতটা মরিয়া। হাতের সামনে যাকেই পাচ্ছে দলে টানছে।’

গতকাল সোমবার রাতে সর্বশেষ খবরে জানা গেছে, কিরণ বেদী দিল্লির কৃষ্ণনগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপির নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, দিল্লি বিধানসভায় জিতলে কিরণ বেদীই মুখ্যমন্ত্রী হবেন। দলের সভাপতি অমিত শাহ্‌ কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছেন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন।

যদিও ‘বহিরাগতদের’ নিয়ে বিজেপিতে অসন্তোষ ক্রমশ দানা বাঁধছে। সবচেয়ে আপত্তি কিরণকে নিয়ে। দিল্লি থেকে জেতা লোকসভার সদস্য মনোজ তিওয়ারি প্রকাশ্যেই বলেছেন, ‘দলে একজন দারোগা (কিরণ বেদী) স্বাগত হতে পারেন না।’ কিরণ বেদীর বিরুদ্ধে দিল্লির অধিকাংশ পুরোনো নেতার আপত্তি, প্রথমত, তিনি রাজনীতির মানুষই নন। দ্বিতীয়ত, মাত্র কিছুদিন আগেই তিনি বিজেপি ও নরেন্দ্র মোদি সম্পর্কে নানা রকম মন্তব্য করেছিলেন। এখন উড়ে এসে জুড়ে বসে মুখ্যমন্ত্রী হবেন—এটা মানা তাঁদের পক্ষে কঠিন হচ্ছে। এই অসন্তোষ চাপা দিতে বিজেপির সভাপতি অমিত শাহ্ গতকাল তৎপর ছিলেন।

বিজেপির এই অভ্যন্তরীণ গোলমালে ঘি ছিটাতে এএপি উঠেপড়ে লেগেছে। দলের নেতা আশুতোষ দিল্লির প্রতিষ্ঠিত বিজেপির নেতাদের অসন্তোষকে ‘ন্যায্য ও যুক্তিসঙ্গত’ বলে মনে করে কিরণ সম্পর্কে বলেছেন, উনি কখনো দলের সঙ্গে চলার মানসিকতা দেখাতে পারেননি।

বিপদে পড়েছে এএপিও। রোববার এক জনসভায় অরবিন্দ কেজরিওয়াল তাঁর সমর্থকদের বলেছিলেন, বিজেপি-কংগ্রেসের কাছে গিয়ে ভোট দেওয়ার জন্য টাকা নিন। কিন্তু ভোট দিন এএপিকেই। নির্বাচন কমিশনের কাছে এই উক্তির বিরুদ্ধে কংগ্রেস আপত্তি জানিয়ে বলেছে, কেজরিওয়াল নির্বাচনী বিধি ভেঙেছেন। তিনি ভোটারদের ঘুষ নিতে উৎসাহিত করছেন। এএপি বিষয়টি নিয়ে বিব্রত।