দিল্লি ফিরেছেন নরেন্দ্র মোদি
পাকিস্তানের লাহোরে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক শেষে নয়াদিল্লি ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুল সফর শেষে নয়াদিল্লি ফেরার পথে সবাইকে চমকে দিয়ে পাকিস্তান সফরে যান মোদি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
লাহোরে নওয়াজ শরিফের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন মোদি। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ ভোজেও অংশ নেন নওয়াজ ও মোদি। পরে নয়াদিল্লির পথে রওনা হন। ভারতের স্থানীয় সময় রাত নয়টার দিকে নয়াদিল্লি পৌঁছান মোদি।
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী জানান, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাঁরা দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।
এর আগে সবাইকে রীতিমতো চমকে দিয়ে কাবুল সফর শেষে নয়াদিল্লি ফেরার সময় লাহোর সফরে যাওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। মোদিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি স্থানীয় সময় সন্ধ্যার দিকে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নওয়াজ শরিফ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। সেখান থেকে মোদিকে নিয়ে যাওয়া হয় নওয়াজের পৈর্তৃক বাসভবনে। আজই ৬৬ বছরে পা রেখেছেন নওয়াজ। সকালে তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন মোদি।
গত বছর ক্ষমতায় আসার পর এই প্রথম মোদি পাকিস্তানে যাচ্ছেন। আর প্রায় এক যুগের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী পাকিস্তানে গেলেন।
মোদির আকস্মিক পাকিস্তান সফরের খবরে সবাই নড়েচড়ে বসেছেন। গত জুলাইয়ে রাশিয়ায় বৈঠক করেন মোদি ও নওয়াজ। এরপর
দুই প্রধানমন্ত্রী গত মাসের শেষের দিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু সম্মেলনের ফাঁকে বৈঠক করেন। তাঁরা হাত মেলান। মিনিট পনেরো কথাও বলেন।
মোদি-নওয়াজের ওই বৈঠকের পর দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ব্যাংককে বৈঠক করেন। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ইসলামাবাদে যান।
এসব ঘটনাকে বিশ্লেষকেরা চীর প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্পর্কে বরফ গলার আভাস হিসেবে মনে করছেন।