ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) কিছু ছাত্রের ভারতবিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় সৃষ্ট উত্তাপের আঁচ পড়েছে আদালত প্রাঙ্গণেও। স্লোগানের ঘটনায় বিশ্ববিদ্যালয়টির গ্রেপ্তার ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে গতকাল সোমবার আদালতে হাজির করা হয়। এর আগে তাঁর মুক্তির দাবিতে সেখানে সমবেত হওয়া শিক্ষক-শিক্ষার্থী ও বিরোধী আইনজীবীদের মধ্যে সংঘর্ষ বাধে।
কানহাইয়ার মুক্তি চেয়ে গতকাল থেকে জেএনইউতে শুরু হয়েছে ছাত্র ধর্মঘট। এতে শরিক হয়েছেন অনেক শিক্ষকও।
এনডিটিভিসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, কানহাইয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলার ওপর দিল্লির একটি আদালতে শুনানি ছিল গতকাল। এই ছাত্রনেতাকে হাজির করাকে সামনে রেখে তাঁর সমর্থনে আদালত প্রাঙ্গণে জড়ো হন জেএনইউয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় সরকার-সমর্থক আইনজীবীরা তাঁদের সঙ্গে টানাহেঁচড়া ও মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন তাঁরা।
২০০১ সালে ভারতের পার্লামেন্ট ভবনে হামলার ঘটনায় জড়িত সন্দেহে কাশ্মীরের বাসিন্দা আফজাল গুরুকে ফাঁসিতে ঝোলানো ও অন্যান্য মানবাধিকার ইস্যুতে ৯ ফেব্রুয়ারি জেএনইউ ছাত্র সংসদের উদ্যোগে ক্যাম্পাসে আয়োজন করা হয় এক অনুষ্ঠান। এতে বাধা দেয় সংঘ-পরিবারের ছাত্রসংগঠন এবিভিপি। বিবাদ চলার মধ্যে কয়েকজন শিক্ষার্থী ভারতবিরোধী স্লোগান দেন। পরে গত শুক্রবার ক্যাম্পাসে ঢুকে কানহাইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। চালায় বাম ছাত্রসংগঠনের নেতাদের খোঁজে তল্লাশিও।
দিল্লির পুলিশ প্রধান বি এস বাসসি গতকাল বলেন, ‘তিনি (কানহাইয়া) জাতীয় স্বার্থবিরোধী বক্তৃতা দিয়েছেন। ওই অনুষ্ঠান আয়োজনও ছিল আইনবহির্ভূত। সেখানে ভারতবিরোধী স্লোগান ও বক্তৃতা দেওয়া হয়েছে।’
কানহাইয়াকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ সভা ও মিছিলে কয়েক দিন ধরেই উত্তাল হয়ে উঠেছে জেএনইউ ক্যাম্পাস। গতকাল অনেক শিক্ষার্থীই ক্লাসে যোগ দেননি। কানহাইয়ার মুক্তির দাবির প্রতি সমর্থন জানিয়েছে কংগ্রেস ও বাম দলগুলো। বিশ্ববিদ্যালয়টির প্রায় ৫০০ শিক্ষকও গতকাল ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেন।
তবে জেএনইউর উপাচার্য জগদীশ কুমার আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, আফজাল গুরুকে নিয়ে অনুষ্ঠানের ঘটনায় ২৫ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত শেষ হবে। অবশ্য বিতর্কিত এ অনুষ্ঠানের আয়োজক বা অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির সামনে উপস্থিত হতে অস্বীকৃতি জানিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং রোববার বলেন, ওই অনুষ্ঠানের পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার প্রধান হাফিজ সাঈদের মদদ রয়েছে।