ভারতের রাজধানী নয়াদিল্লিতে আফ্রিকার বিভিন্ন দেশের ছয় নাগরিকের ওপর হামলার নিন্দা জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গত বৃহস্পতিবার দক্ষিণ দিল্লিতে এই হামলাগুলো ঘটেছে বলে গতকাল রোববার নিশ্চিত করে দিল্লির পুলিশ।
রাজনাথ সিং বলেছেন, আফ্রিকার নাগরিকদের ওপর হামলার বিষয়ে তিনি পুলিশের সঙ্গে কথা বলেছেন।
আফ্রিকার সংশ্লিষ্ট দেশগুলো তাদের নাগরিকদের ওপর এসব হামলার কড়া প্রতিবাদ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এর আগে ২০ মে দিল্লিতেই দুষ্কৃতকারীদের হামলায় নিহত হন আফ্রিকার কঙ্গোর নাগরিক মাসোন্দা কেতাদা। অটোরিকশা ভাড়া করার সময় বচসার একপর্যায়ে তাঁর ওপর হামলা হয়।
পুলিশ বলেছে, বৃহস্পতিবার রাতে দিল্লির মেহরোলিতে তিনটি পৃথক হামলার ঘটনা ঘটে। হামলার শিকারদের মধ্যে দুজন নাইজেরিয়ার, একজন উগান্ডার এবং বাকিরা দক্ষিণ আফ্রিকার নাগরিক। তবে ঘটনাগুলোকে পুলিশ ‘বিচ্ছিন্ন’ বলে আখ্যায়িত করেছে। একে
তারা বর্ণবাদী হামলা বলে মনে করছে না।
আহত ছয়জনের মধ্যে কেনেথ ইগবিনোসা একজন খ্রিষ্টান ধর্মযাজক। রাতে বাড়ি ফেরার পথে একদল লোক তাঁর ওপর ক্রিকেটের ব্যাট নিয়ে হামলা করে বলে তিনি অভিযোগ করেছেন।
এসব হামলায় পুলিশ মামলা করেছে। কয়েকজনকে ইতিমধ্যে আটকও করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তবে পুলিশ বলছে, হামলার কোনোটিই পূর্বপরিকল্পিত নয়। দুটি হামলার ঘটনা ঘটে মধ্যরাতে উচ্চ শব্দে গান বাজানোর জন্য।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল টুইট করেছেন, তিনি বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দিল্লির উপরাজ্যপাল নাজিব জংয়ের সঙ্গে কথা বলেছেন। হামলাকারীদের ধরা হবে বলেও আশ্বাস দেন সুষমা।
হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামীকাল মঙ্গলবার দিল্লিতে অধ্যয়নত আফ্রিকার বিভিন্ন দেশের শিক্ষার্থীরা সমাবেশ করবেন।