দিল্লিতে আমন্ত্রণ পাননি ত্রিপুরার মুখ্যমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দিল্লিতে আমন্ত্রণ পাননি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। আজ বুধবার আগরতলা মহাকরণে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময় তাঁর সম্মানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেওয়া নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ প্রসঙ্গে মানিক সরকারকে প্রশ্ন করা হলে তিনি কটাক্ষের সুরে বলেন, ‘না, আমাকে কেউ আমন্ত্রণ জানায়নি। ওখানে তো বড় বড় ব্যাপার!’ ত্রিপুরার স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও বাংলাদেশের সঙ্গে যে তাঁর সরাসরি কথা বলার এখতিয়ার নেই, সেটাও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। রেলসংযোগ থেকে শুরু করে বিদ্যুৎ রপ্তানি, বিভিন্ন ইস্যুতেও ঢাকা-আগরতলা সম্পর্ক বেশ গুরুত্বপূর্ণ। তবু ইন্দো-বাংলাদেশ সীমান্তের একমাত্র কমিউনিস্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিল্লির বিজেপি সরকার আমন্ত্রণ না জানানোয় ত্রিপুরার রাজনৈতিক পর্যবেক্ষক মহলও বেশ অবাক।