দিল্লিতে এবার জঞ্জালের রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত’ অভিযানকে পরিহাস করে রাজধানী দিল্লিতে শুরু হয়েছে জঞ্জালের রাজনীতি। পরিচ্ছন্নতাকর্মীদের ১২ দিনের ধর্মঘট পূর্ব দিল্লিকে নরকে পরিণত করার পর তিন প্রধান রাজনৈতিক দল এখন একে অপরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে।
হাইকোর্টের নির্দেশে দিল্লি সরকার পরিচ্ছন্নতাকর্মীদের তিন মাসের বকেয়া বেতনসহ ৪৯৩ কোটি রুপি বরাদ্দ করায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে অর্থের জোগানের প্রশ্ন অমীমাংসিত থাকায় ভবিষ্যতে ফের এমন সংকটের আশঙ্কা থেকে যাচ্ছে।
দিল্লির তিনটি পৌরসভাই কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপির দখলে। কিন্তু রাজ্য সরকার আম আদমি পার্টির (এএপি)। পূর্ব দিল্লির পরিচ্ছন্নতাকর্মীদের বেতন তিন মাস ধরে বন্ধ। এ জন্য তাঁরা ধর্মঘট শুরু করেন। গোটা পূর্ব দিল্লির রাস্তায় রাস্তায় সৃষ্টি হয় জঞ্জালের স্তূপ। দুর্গন্ধের এক শেষ। পৌরসভার বক্তব্য, বেতন দেওয়ার মালিক রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের দাবি, পৌরসভাকেই বেতনের ব্যবস্থা করতে হবে। না হলে কেন্দ্রের দায়। আবার কেন্দ্র দায় চাপায় রাজ্যের ওপর। এই অবস্থায় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী গত শুক্রবার ধর্মঘটিদের পাশে গিয়ে তাঁদের আন্দোলন সমর্থন করার কয়েক ঘণ্টার মধ্যেই অর্থ বরাদ্দ হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। তারপর গতকাল শনিবার থেকে শুরু হয়েছে রাজনৈতিক বাদানুবাদ।
বিজেপি ও এএপি গতকাল দলীয় কর্মীদের নিয়ে পরিচ্ছন্নতার কাজে নামে। কংগ্রেসের কটাক্ষ, তাদের ১৫ বছরের রাজত্বে রাজধানীতে কখনোই এমন সংকট দেখা দেয়নি। বিজেপির উদ্দেশে এএপি বলে, পৌরসভাগুলোতে তারা এত চুরি করছে যে কর্মীদের বেতনই দিতে পারছে না। মঙ্গোলিয়াকে সরকার ১০০ কোটি ডলার দিতে পারে, অথচ দরিদ্র পরিচ্ছন্নতাকর্মীদের বেতনের টাকা নেই! বিজেপির পাল্টা মন্তব্য, এএপি সরকার এতটাই অপদার্থ যে রাজধানীকে পরিচ্ছন্ন পর্যন্ত রাখতে পারে না।
দিল্লিতে কেন্দ্র-রাজ্য যে সংঘাত অব্যাহত, জঞ্জালের রাজনীতি আসলে তারই অংশ।