দিল্লিতে কেজরিওয়াল বনাম কিরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিলেন সাবেক আইপিএস অফিসার কিরণ বেদী। আজ বৃহস্পতিবার বিকেলে বিজেপির দলীয় অফিসে সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি যেভাবে তাঁকে স্বাগত জানালেন, তাতে এই প্রশ্ন উঠে গেল, মুখ্যমন্ত্রিত্বের লড়াইটা হয়ে দাঁড়াচ্ছে অরবিন্দ কেজরিওয়াল বনাম কিরণ বেদীর মধ্যে।

অবশ্য শুধু কিরণ বেদীই নন, সমাজবাদী পার্টির সাবেক সাংসদ অভিনেত্রী জয়া প্রদা এবং আম আদমি পার্টি (এএপি) ছেড়ে দেওয়া সাজিয়া ইলমিও বিজেপিতে যোগ দিতে চলেছেন। জয়া বলেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে কাজ করতে তিনি মুখিয়ে রয়েছেন। আর, সাজিয়া ইলমি হেঁয়ালি করে বলেছেন, আমি কী করব, এখনো জানি না। তবে বিজেপির হয়ে অবশ্যই প্রচার করব।
দিল্লির ভোটে এএপি কোমর বেঁধে নেমে পড়েছে সবার আগে। ৭০টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে সবার আগে । কংগ্রেস দুটি তালিকায় ৪৯ জনের নাম জানিয়েছে। কিন্তু বিজেপি এখনো একজনের নামও ঘোষণা করেনি। এ অবস্থায় ধুমধাম করে কিরণ বেদীকে দলে নেওয়া এবং দলে আসার পর তাঁর মন্তব্য বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রিত্ব ঘিরে নতুন জল্পনার জন্ম দিয়েছে। কিরণ বলেন, ‘আইপিএস অফিসার হিসেবে আমার ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দিল্লিকে বিশ্বমানের শহর করে তুলতে চাই।’
কিরণ বেদী বরাবরের ডাকাবুকো অফিসার বলে পরিচিত। ১৯৮২ সালে দিল্লিতে এশিয়ান গেমসের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কনভয়ের একটি গাড়ি বেআইনি পার্কিংয়ের জন্য তিনি তুলে নিয়ে গিয়েছিলেন। সেই থেকে তাঁর নাম হয় ‘ক্রেন বেদী’। সেই সময় সহিংস খালিস্তানি আন্দোলনকারীদের মোকাবিলায় তিনি লাঠি হাতে রাজপথ দাপিয়েছিলেন। পরবর্তীকালে প্রবীণ গান্ধীবাদী আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনে অরবিন্দ কেজরিওয়ালদের সঙ্গে তিনিও শামিল হন। যদিও পরে কেজরিওয়ালের সঙ্গে বিরোধের ফলে তিনি সরে দাঁড়ান। এর পর থেকেই তিনি বিজেপির দিকে ঘেঁষেন এবং বৃহস্পতিবার দলে যোগদান করেন। তাঁকে পেয়ে অভিভূত বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, কিরণ আসায় দলের শক্তি বৃদ্ধি অনেক বেড়ে যাবে। অরুণ জেটলি বলেন, কিরণ বরাবরের লড়াকু নারী। তিনি প্রেরণাও।
প্রথম দিন থেকেই এএপির মুখ্যমন্ত্রিত্বের দাবিদার কেজরিওয়াল। বিজেপি যদিও কাউকে সেই তকমা দেয়নি। দেবেও না, তা সরকারিভাবে জানিয়েও দেওয়া হয়েছে। এমন কেউ নেইও যাঁর নামে ঐকমত্য হতে পারে। দলীয় কোন্দল এতটাই প্রবল। এ অবস্থায় কিরণ বেদীর অন্তর্ভুক্তি নতুন সম্ভাবনার জন্ম দিল। রাজধানীর লড়াই এখনো পর্যন্ত বিজেপি বনাম এএপির মধ্যে সীমাবদ্ধ। কংগ্রেস প্রায় নেই বললেই চলে। কংগ্রেস তাদের কৌশলও বদলে দিয়েছে। ৭০ আসনে প্রার্থী দিলেও কংগ্রেস ১২-১৪টি আসনেই লড়াইটা সীমাবদ্ধ রাখছে। নাম ঘোষণা না করলেও মুখ্যমন্ত্রী হিসেবে তারা খাড়া করেছে তরুণ নেতা অজয় মাকেনকে। কংগ্রেস মনে করছে, আগেরবারের মতো ফল করলেও শেষ পর্যন্ত তারাই হবে ‘কিং মেকার’। সরাসরি না বললেও কংগ্রেস এটা বুঝিয়ে দিয়েছে, বিজেপিকে রুখতে প্রয়োজনে তারা আবার এএপিকে সাহায্যর হাত বাড়াবে। লড়াইটা যদি শেষ পর্যন্ত কেজরিওয়াল বনাম কিরণ বেদী হয়ে দাঁড়ায়, তা হলে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল অন্য মাত্রা নিতে পারে বলে দলের একাংশের ধারণা।