কেজরিওয়াল বনাম কিরণ

শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিলেন সাবেক আইপিএস অফিসার কিরণ বেদি। গতকাল বৃহস্পতিবার বিকেলে দলীয় অফিসে সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি যেভাবে তাঁকে স্বাগত জানালেন, তাতে এ প্রশ্ন উঠে গেল, মুখ্যমন্ত্রিত্বের লড়াইটা হয়ে দাঁড়াচ্ছে অরবিন্দ কেজরিওয়াল বনাম কিরণ বেদির মধ্যেই।
অবশ্য শুধু কিরণ বেদীই নন, সমাজবাদী পার্টির সাবেক সাংসদ অভিনেত্রী জয়াপ্রদা এবং আম আদমি পার্টি (এএপি) ছেড়ে দেওয়া সাজিয়া ইলমিও বিজেপিতে যোগ দিতে চলেছেন। জয়া বলেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে কাজ করতে তিনি মুখিয়ে রয়েছেন। আর
সাজিয়া ইলমি হেঁয়ালি করে বলেছেন, ‘আমি কী করব এখনো জানি না। তবে বিজেপির হয়ে অবশ্যই প্রচার করব।’
দিল্লির ভোটে এএপি কোমর বেঁধে নেমে পড়েছে সবার আগে। ৭০টি আসনে তাদের প্রার্থীদের নাম সবার আগে ঘোষিত। কংগ্রেস দুটি তালিকায় ৪৯ জনের নাম জানিয়েছে। কিন্তু বিজেপি এখনো একজনের নামও ঘোষণা করেনি। এ অবস্থায় ধুমধাম করে কিরণ বেদিকে দলে নেওয়া এবং দলে আসার পর তাঁর মন্তব্য বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রিত্ব ঘিরে নতুন জল্পনার জন্ম দিয়েছে। কিরণ বলেন, ‘আইপিএস অফিসার হিসেবে আমার ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে দিল্লিকে বিশ্বমানের শহর করে তুলতে চাই।’
কিরণ বেদি বরাবর ডাকাবুকা অফিসার বলে পরিচিত। ১৯৮২ সালে দিল্লিতে এশিয়ান গেমসের সময় তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কনভয়ের একটি গাড়ি বেআইনি পার্কিংয়ের জন্য তিনি তুলে নিয়ে গিয়েছিলেন। সেই থেকে তাঁর নাম হয় ‘ক্রেন বেদি’। সেই সময় সহিংস খালিস্তানি আন্দোলনকারীদের মোকাবিলায় তিনি লাঠি হাতে রাজপথ দাপিয়েছিলেন। পরবর্তী সময়ে প্রবীণ গান্ধীবাদী আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনে অরবিন্দ কেজরিওয়ালদের সঙ্গে তিনিও শামিল হন। তবে পরে কেজরিওয়ালের সঙ্গে বিরোধের ফলে তিনি সরে আসেন। এর পর থেকেই কিরণ বিজেপির দিকে ঘেঁষেন এবং বৃহস্পতিবার দলে যোগদান। তাঁকে পেয়ে অভিভূত বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, কিরণ আসায় দলের শক্তি অনেক বেড়ে যাবে। অরুণ জেটলি বলেন, কিরণ বরাবরের লড়াকু নারী। তিনি প্রেরণাও।
প্রথম দিন থেকেই এএপির মুখ্যমন্ত্রিত্বের দাবিদার কেজরিওয়াল। বিজেপি যদিও কাউকে সেই তকমা দেয়নি। দেবেও না, তা সরকারিভাবে জানিয়েও দেওয়া হয়েছে। এ এমন কেউ নেইও, যাঁর নামে ঐকমত্য হতে পারে। দলীয় কোন্দল এতটাই প্রবল। এ অবস্থায় কিরণ বেদির অন্তর্ভুক্তি নতুন সম্ভাবনার জন্ম দিল। রাজধানীর লড়াই এখন পর্যন্ত বিজেপি বনাম এএপির মধ্যে সীমাবদ্ধ। কংগ্রেস হিসাবে প্রায় নেই বললেই চলে। দলটি তাদের কৌশলও বদলে দিয়েছে। ৭০ আসনে প্রার্থী দিলেও কংগ্রেস ১২-১৪টি আসনেই লড়াইটা সীমাবদ্ধ রাখছে। মুখ্যমন্ত্রী হিসেবে তারা খাড়া করেছে তরুণ নেতা অজয় মাকেনকে। কংগ্রেস মনে করছে, আগেরবারের মতো ফল করলেও শেষ পর্যন্ত তারাই হবে ‘কিং মেকার’। সরাসরি না বললেও কংগ্রেস এটা বুঝিয়ে দিয়েছে, বিজেপিকে রুখতে প্রয়োজনে তারা আবার এএপির দিকে সাহায্যের হাত বাড়াবে। লড়াইটা যদি শেষ পর্যন্ত কেজরিওয়াল বনাম কিরণ বেদি হয়ে দাঁড়ায়, তাহলে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল অন্য মাত্রা নিতে পারে বলে দলের একাংশের ধারণা।
শর্মিষ্ঠা প্রার্থী হলেন: রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হলেন। তিনি দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল সন্ধ্যায় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করে। দক্ষিণ দিল্লির এই কেন্দ্র থেকে গত নির্বাচনে জিতেছিলেন আম আদমি পার্টির (এএপি) সৌরভ ভরদ্বাজ। তিনি এবারও এএপির টিকিটে দাঁড়িয়েছেন।
বাবা রাষ্ট্রপতি হওয়ার পর শর্মিষ্ঠা কংগ্রেসে যোগ দেন। সেই নিরিখে রাজনীতিতে তিনি একেবারেই নবাগতা। গ্রেটার কৈলাশ
অঞ্চলেই প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি। সেই বাড়িই শর্মিষ্ঠার ঠিকানা। নির্বাচনে দাঁড়াবেন বলে তিনি রাষ্ট্রপতি ভবন ছেড়ে দুই কামরার এই ছোট ফ্ল্যাটবাড়িতে চলে এসেছেন। টিকিট পাওয়া নিয়ে যথেষ্ট নিশ্চিত ছিলেন বলেই শর্মিষ্ঠা আগে থাকতেই এলাকায় কাজ শুরু করে দিয়েছেন। আশা, আদ্যন্ত রাজনৈতিক পরিবারের মেয়ে হওয়া এবং বাবার পরিচিতি তাঁর জয় মসৃণ করবে। এক বছর ধরেই শর্মিষ্ঠা নিজে এলাকার বিভিন্ন অনুষ্ঠান ও কাজে অংশ নিচ্ছেন।
রাষ্ট্রপতির পুত্র অভিজিতও চাকরি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে দুবারের সাংসদ। তবে তাঁর রাজনৈতিক কর্মক্ষেত্র পশ্চিমবঙ্গ। তুলনায় শর্মিষ্ঠা বেছে নিলেন রাজধানী দিল্লিকে। শর্মিষ্ঠার পড়াশোনা দিল্লিতে। শাস্ত্রীয় নাচে তিনি পারদর্শী। রাষ্ট্রপতি হওয়ার পর বাবার সঙ্গে বিভিন্ন বিদেশ সফরে শর্মিষ্ঠাই সঙ্গী হন। রাজনীতিতে তাঁর যোগদানে প্রণব মুখোপাধ্যায়ের উৎসাহ ও সমর্থন কতটা জানা না গেলেও কংগ্রেস তাঁর জয় নিয়ে আশাবাদী। নাম ঘোষণার পর কংগ্রেসের একজন শীর্ষ নেতা বলেন, শর্মিষ্ঠাই ওই কেন্দ্রে উপযুক্ত। তিনি পরিচিত, উদ্যমী এবং রাজনীতিক হিসেবে পরিচিত হতে আগ্রহী। শর্মিষ্ঠা প্রার্থিতা পাওয়ায় এই কেন্দ্রে লড়াইটা প্রকৃত অর্থেই ত্রিমুখী হয়ে গেল।