দিল্লিতে গাড়ি চলার জোড়-বিজোড় নিয়ে বিতর্ক
ভারতের রাজধানী দিল্লিতে দূষণ রোধ ও যানজট কমাতে গাড়ি চলাচলে চালু করা জোড়-বিজোড় নিয়মকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই বিতর্কে রাজনৈতিক রং লাগিয়ে কাল সোমবার ডাকা হয়েছে অটো ধর্মঘট।
১৫ এপ্রিল থেকে পনেরো দিনের জন্য আবার শুরু হয়েছে পালা করে জোড়-বিজোড় নম্বরের গাড়ি চলাচল। গাড়ির নম্বরপ্লেটের শেষ সংখ্যা জোড় হলে তা মাসের জোড় দিনগুলোতে চলবে। বিজোড় দিনে চলবে বিজোড় সংখ্যার গাড়ি। যেমন নম্বরপ্লেটের শেষ নম্বরটি যাঁদের ১, ৩, ৫, ৭, ৯ তাঁরা ওই তারিখগুলোতে গাড়ি চালাবেন। যাঁদের নম্বরপ্লেটের শেষ সংখ্যা ২, ৪, ৬, ৮ ও ০, তাঁরা মাসের জোড় সংখ্যার দিনে গাড়ি বের করবেন। বাস, ট্রেন, অটো, দুই চাকার বাহন, ট্যাক্সি, সরকারি বাহন, দমকল, পুলিশ, মন্ত্রীদের গাড়ি এ নিয়মের বাইরে। ছাড় পেয়েছেন নারী চালক, স্কুল ইউনিফর্ম পরা ছাত্রছাত্রীদের গাড়ি এবং সিএনজিচালিত গাড়ির মালিকেরাও।
এই কড়াকড়ির ফলে রাজধানী দিল্লির রাস্তায় যানজট নেই বললেই চলে। কিন্তু দূষণ কতটা কমেছে, তা নিয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে মতানৈক্য রয়েছে। দিল্লি সরকারের দাবি অনুযায়ী, কম গাড়ি চলায় দূষণের মাত্রা গতবার ২২ শতাংশ কমে গিয়েছিল। যদিও অন্যান্য সংগঠনের হিসেবে দূষণমাত্রার বিশেষ হেরফের এখনো ঘটছে না।
এ অবস্থায় বিজেপি-সমর্থিত অটো সংগঠন কাল সোমবার রাজধানীতে ভাড়া বৃদ্ধির দাবিতে অটো ধর্মঘটের ডাক দিয়েছে। পাশাপাশি, দিল্লির বিজেপি নেতা বিজয় গোয়েল জানিয়েছেন, সোমবার তিনি জোড়-বিজোড়ের প্রতিবাদে গাড়ি বের করে দু হাজার টাকা জরিমানা দেবেন। তাঁর বক্তব্য, দূষণ না কমা সত্ত্বেও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের খেয়ালখুশিমতো এই সিদ্ধান্ত নিয়ে রাজধানীর বাসিন্দাদের চরম দুর্দশার মধ্যে ফেলেছেন।