দিল্লিতে গোরক্ষকদের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোরক্ষকদের তাণ্ডব এবার খোদ ভারতের রাজধানীতেই। আজ শনিবার সকালে দিল্লির হরিদাস নগরে স্বঘোষিত গোরক্ষকদের হাতে বেধড়ক পিটুনি খেলেন ছয়জন। ট্রাকে ৮০টি মহিষ নিয়ে তাঁরা কসাইখানায় যাচ্ছিলেন। তাঁদের কাছে বৈধ কাগজপত্রও ছিল। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কাউকে এখনো ধরতে পারেনি। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি স্পষ্ট ভাষায় বলেছেন, গোরক্ষার নামে মারধর বরদাশত করা হবে না। কিন্তু তা সত্ত্বেও দিল্লিতে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে (এনসিআর) এমন ঘটনা ঘটল। পুলিশ সূত্রে জানানো হয়, আজ সকালে ছয়জন লোক ট্রাকে করে ওই মহিষগুলো কসাইখানায় নিয়ে যাচ্ছিলেন। হরিদাস নগরে একদল লোক ট্রাক থামিয়ে মহিষগুলো ছেড়ে দেয় ও সওয়ারিদের প্রচণ্ড মারধর করে। পুলিশ আসতে দেখে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের কাছে বৈধ কাগজপত্র ছিল বলে তাঁদের দাবি। আহত ব্যক্তিদের পুলিশই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। একজনের আঘাত গুরুতর।
দিল্লিতে গরুর মাংস নিষিদ্ধ। তবে মহিষের মাংসের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।