দিল্লিতে ট্যাক্সিচালকের ধর্ষণের শিকার চাকরিজীবী
ভারতের দিল্লিতে গত শুক্রবার রাতে ট্যাক্সিক্যাবে করে বাড়ি ফেরার পথে চালকের ধর্ষণের শিকার হয়েছেন এক চাকরিজীবী নারী। ২৫ বছর বয়সী ওই নারী আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানে নির্বাহী পদে কাজ করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চালক শিব কুমার যাদব (৩৫) নামের ট্যাক্সিচালককে আটক করেছে পুলিশ।
টাইমস অব ইন্ডিয়ার আজ রোববারের খবরে বলা হয়েছে, গত শুক্রবার রাতে দক্ষিণ দিল্লির বসন্ত বিহারে এক পার্টিতে অংশ নিয়ে ট্যাক্সিতে করে উত্তর দিল্লির ইন্দ্রলোকে নিজেদের বাড়ি ফিরছিলেন ওই নারী। ওই ট্যাক্সিটি তিনি এক মোবাইল অ্যাপ ব্যবহার করে বুকিং দিয়েছিলেন। বুকিং করা গাড়িটি তাঁকে নিয়ে বাড়ি যাওয়ার পথে রাত ১১টা থেকে পৌনে একটার মধ্যে কোনো একসময় ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় চারপাশ অন্ধকার থাকায় ঠিক কোন স্থানে এটি ঘটেছে ওই নারী তা চিহ্নিত করতে পারেননি।
গতকাল শনিবার এ ব্যাপারে পুলিশের কাছে প্রাথমিক অভিযোগ জমা দেওয়া হয়। এর পরপরই দোষী চালককে খুঁজে বের করতে পুলিশের বিশেষ শাখা, অপরাধ তদন্ত শাখাসহ ১২টিরও বেশি দল মাঠে নামে।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ওই নারী বলেছেন, তিনি তাঁর স্মার্ট ফোনের মাধ্যমে ট্যাক্সিক্যাবটি বুক করেছিলেন। যাওয়ার পথে তিনি খানিকটা ঘুমিয়ে পড়েছিলেন। একপর্যায়ে তিনি এই নির্মমতার শিকার হন।
ওই নারীকে রাস্তায় ফেলে চালক ট্যাক্সিক্যাব নিয়ে চলে যান। পরে তিনি ১০০ নম্বরে ফোন করলে পুলিশ ভ্যান গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। দীর্ঘদিন বিদেশে চাকরি শেষে তাঁর বাবা সম্প্রতি ভারতে ফিরেছেন। ওই নারী বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এমকম সম্পন্ন করে কর ও সেবা-সংক্রান্ত আন্তর্জাতিক এক পরামর্শক প্রতিষ্ঠানে কাজ করছিলেন।