দিল্লিতে ধর্ষণের দায়ে ট্যাক্সিচালকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ট্যাক্সিতে এক যাত্রীকে ধর্ষণের দায়ে ভারতের দিল্লির একটি আদালত চালক শিব কুমার যাদবকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

মামলাটির বিচারকাজ চলার সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, যাদব খুবই নৃশংস অপরাধ করেছে। এমন অপরাধের কঠোর সাজা হয়, এ বার্তাটি সবার কাছে পৌঁছানো দরকার।

আদালত রায়ে বলেন, যাদব একজন নারীর জীবন বিপন্ন করার অভিযোগে অভিযুক্ত। আদালত ৯৯ পৃষ্ঠার রায়ে বলেন, এই ধর্ষণের ঘটনা ২০১২ সালে দিল্লিতে গণধর্ষণের সেই ভয়াবহ ঘটনার কথা মনে করিয়ে দেয়। যুক্তরাষ্ট্র-ভিত্তিক ট্যাক্সি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউবেরের এই চালক ধর্ষণের পর ঘটনাটি গোপন রাখা না হলে শরীরে লোহার রড ঢুকিয়ে হত্যা করা হবে বলে ওই নারীকে হুমকি দিয়েছিল।

রায় ঘোষণার সময় যাদবের স্ত্রী ও দুই মেয়ে আদালতে উপস্থিত ছিলেন।

গত বছরের ৫ ডিসেম্বর ধর্ষণের ঘটনাটি ঘটে। এক বছরেরও কম সময়ে এর বিচার হলো।