ভারত-পাকিস্তান পরস্পরের কূটনীতিককে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লি দূতাবাসে বসে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে পাকিস্তান হাইকমিশনের এক কর্মীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ভারত। গতকাল বৃহস্পতিবার পুলিশের হাতে আটক ওই ব্যক্তির নাম মেহমুদ আখতার। তিনি ভিসা বিভাগের কর্মী। মেহমুদকে অবিলম্বে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, এ ঘটনার পর গতকাল রাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতের একজন কূটনীতিককে বহিষ্কার করেছে পাকিস্তান। সুরজিৎ সিং নামের ওই কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ হিসেবে শুধু বলা হয়েছে তাঁর আচরণ কূটনৈতিক শিষ্টাচার ও জেনেভা কনভেনশনের পরিপন্থী।
কাশ্মীর নিয়ে কয়েক মাস ধরে উত্তেজনার মধ্যে প্রতিবেশী দুই দেশের পরস্পরের কূটনীতিককে বহিষ্কারের এ ঘটনা ঘটল।
গুপ্তচরবৃত্তির অভিযোগ জানাতে নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিতকে গতকাল বৃহস্পতিবার ডেকে পাঠান ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। তাঁকে বলা হয়, অভিযুক্ত কর্মী মেহমুদ আখতার গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত। তাঁকে অবিলম্বে দেশে ফেরত পাঠানো হোক। আবদুল বাসিত প্রতিবাদ জানিয়ে বলেন, মেহমুদের কূটনৈতিক রক্ষাকবচ আছে। তারপরও দিল্লি পুলিশ তাঁকে আটক করে যে আচরণ করেছে, তা ভিয়েনা কনভেনশনের পরিপন্থী।
গতকাল একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দুই ভারতীয়কেও। তাঁদের পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চর বলা হচ্ছে। অভিযোগ, ওই দুই ভারতীয় নাগরিক মেহমুদ আখতারকে নানা ধরনের গোপন তথ্য পাচার করতেন।
দিল্লি পুলিশের অভিযোগ, দেড় বছর ধরে ওই পাকিস্তানি দূতাবাসকর্মী গুপ্তচরবৃত্তি চালাচ্ছেন। পুলিশ বলছে, ছয় মাস ধরে তাঁর ওপর নজর রাখা হচ্ছিল। গতকাল সকালে দিল্লি চিড়িয়াখানার কাছ থেকে তাঁকে আটক করা হয়। তাঁরই সঙ্গে আটক করা হয় ভারতের মরুরাজ্য রাজস্থানের বাসিন্দা মওলানা রমজান ও সুভাষ জাঙ্গিরকে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তিদের কাছ থেকে প্রতিরক্ষাসংক্রান্ত বেশ কিছু নথি পাওয়া গেছে, যেগুলো তাঁরা মেহমুদ আখতারকে দেওয়ার জন্য এনেছিলেন। বিনিময়ে তাঁরা ৫০ হাজার রুপি পর্যন্ত ‘ইনাম’ পেয়েছেন।
পুলিশ সূত্রে বলা হয়, মেহমুদ আখতার আইএসআইয়ের একজন চর। তিন বছর আগে তাঁকে নিয়োগ করে আইএসআই, তারপর নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসে পাঠানো হয়। তাঁকে ভিসা বিভাগে কাজ দেওয়া হয়, যাতে ভারতে চর নিয়োগ করা সহজ হয়। মওলানা রমজানকে এভাবেই পাওয়া যায়। তিনি রাজস্থানের এক মাদ্রাসায় কাজ করেন। তিনিই খোঁজ দেন সুভাষ জাঙ্গির। সুভাষ ছোট মনিহারি একটি দোকানের মালিক। পুলিশ এ দুজনের কাছ থেকে রাজস্থানে বিএসএফের জওয়ান মোতায়েনের তথ্যসহ বহু গোপন নথি পায়।