দিল্লিতে পানি আসছে
ভারতের দিল্লিতে পানির সরবরাহ আংশিকভাবে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির হরিয়ানা রাজ্যে চাকরি ও শিক্ষা খাতে কোটা সংরক্ষণের দাবিতে বিক্ষোভরত জাঠরা দিল্লির পানি সরবরাহের প্রধান উৎস মুনাক খালের প্রবাহ বন্ধ করে দিলে দিল্লির প্রায় এক কোটি মানুষ পানির কষ্টে পড়ে।
খবরে জানানো হয়, বিক্ষোভকারীদের কাছ থেকে গতকাল সোমবার মুনাক খালের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপর পানি সরবরাহের লক্ষ্যে কাজ শুরু হয়।
দিল্লির পানিমন্ত্রী কপিল মিশ্র বলেছেন, পানির সংকট এখনো শেষ হয়নি। যত্নের সঙ্গে পানি ব্যবহার করতে লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সকালে কপিল মিশ্র টুইটারে লিখেছেন, খাল থেকে কিছু পানি ছাড়া হয়েছে। এতে দিল্লির উত্তর ও মধ্যাঞ্চলে আংশিকভাবে পানির সরবরাহ ফের শুরু করা গেছে।
হরিয়ানার মুনাক খাল থেকে দিল্লির মানুষের মোট পানির চাহিদার একটা বড় অংশ আসে।
আরও পড়ুন: