দিল্লিতে ফের লকডাউন নয়

করোনা সংক্রমণ মাত্রাছাড়া হলেও নতুন করে ভারতের রাজধানী দিল্লিকে লকডাউনের আওতায় আনা হবে না। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ সোমবার টুইট করে এই বিষয়ে সব জল্পনার অবসান ঘটান। গত কদিন ধরেই শোনা যাচ্ছিল, সংক্রমণ রুখতে দিল্লিতে ফের লকডাউন করার কথা ভাবা হচ্ছে।
গতকাল রোববার দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজাল ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। আজ অমিত শাহ সর্বদলীয় এক বৈঠক ডাকেন। সেই বৈঠকের পরই কেজরিওয়াল টুইট করে জানিয়ে দেন, দিল্লিতে ফের লকডাউন নয়।
করোনা সংক্রমণের তালিকায় মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পরেই দিল্লির স্থান। ইতিমধ্যেই সংক্রমিত ৪১ হাজারেরও বেশি। দৈনিক দুই আড়াই হাজার নতুন করে সংক্রমিত হচ্ছেন। মারা গেছেন ১ হাজার ৩২৭ জন। রাজ্য সরকারের অনুমান, এই হারে সংক্রমণ চললে জুলাইয়ের শেষে রাজধানীতে সাড়ে ৫ লাখ মানুষ সংক্রমিত হবেন। প্রয়োজন পড়বে ৮০ হাজারের বেশি বেডের। সেই আয়োজন করতে রাজ্য সরকার বিভিন্ন হোটেল ও ব্যাঙ্কোয়েট হল সাময়িকভাবে অধিগ্রহণ করছে। কেন্দ্রীয় সরকারও রাজ্যকে ৫০০ রেল কামরা দেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবারের সর্বদলীয় বৈঠকে বলেন, ২০ জুন থেকে দিল্লিতে দৈনিক ১৮ হাজার করোনা পরীক্ষা করা হবে। সংক্রমণ রুখতে ও সংক্রমিতদের চিকিৎসার জন্য কোনো কিছুরই ঘাটতি রাখা হবে না। নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন শাসক দল বিজেপি, আম আদমি পার্টি, কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির স্থানীয় নেতারা।
বৈঠকে কংগ্রেস থেকে সরকারকে কয়েকটা প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, সংক্রমিত পরিবার ও অবরুদ্ধ এলাকার বাসিন্দাদের অসহায়ত্ব কমাতে পরিবার পিছু এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হোক। চতুর্থ বর্ষের মেডিক্যাল পড়ুয়াদের অস্থায়ী রেসিডেন্ট ডাক্তার হিসেবে গণ্য করার প্রস্তাবও দেওয়া হয়। বলা হয় নার্সিং পড়ুয়াদেরও স্বাস্থ্য কর্মী হিসেবে কাজে লাগানো হোক। এতে চিকিৎসা পরিসেবার উন্নতি হবে।