দিল্লিতে বিদেশিনীর শ্লীলতাহানি, গাড়িচালক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে বেলজিয়ামের এক নারীর শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে আজ রোববার পুলিশ রাজ সিং নামের এক ক্যাব চালককে আটক করেছে। খবর এনডিটিভি অনলাইনের।
বেলজিয়ামের ওই নারী দিল্লির সিআর পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, আজ তিনি ক্যাবে চড়ে গুরগাঁও থেকে দিল্লি যাচ্ছিলেন। একপর্যায়ে চালক তাঁকে বলেন, তাঁর জিপিএস যন্ত্রটি কাজ করছে না। তাই সামনের আসনে এসে তাঁকে (নারী) নির্দেশনায় সহযোগিতা করতে বলেন। এ কথায় তিনি সামনের আসনে গিয়ে বসেন। তখন চালক তাঁর শ্লীলতাহানি করেন। এরপর ক্যাব থেকে নেমে তিনি প্রথমে তাঁর এক বন্ধুকে এ ঘটনা জানান।
এ অভিযোগের পর পুলিশ ক্যাবচালক রাজ সিংয়ের অবস্থান চিহ্নিত করে দিল্লি থেকে তাঁকে আটক করে। তাঁর ক্যাবও জব্দ করা হয়েছে।
দিল্লি পুলিশের উপকমিশনার মন্দীপ সিং রান্দাওয়া বলেন, ‘আমরা রাজ সিং নামের এক চালককে আটক করেছি। তিনি রাজস্থানের আলওয়ারের বাসিন্দা।’
ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, তিনি এ অভিযোগ পেয়েছেন। ভারতে বিদেশি যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।