দিল্লিতে ভিন্ন দিনে জোড়-বিজোড় গাড়ি, ধর্মঘটের ডাক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথম দফায় আগ্রহ ছিল, দ্বিতীয় দফার শুরু থেকেই লেগে গেছে বিতর্ক। দিল্লিতে দূষণ রোধ ও যানজট কমাতে নিবন্ধন সংখ্যা অনুযায়ী জোড়-বিজোড় নম্বরের গাড়ি নামানোর নিয়মকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই বিতর্কে রাজনৈতিক রং লাগিয়ে আগামী সোমবার ডাকা হয়েছে অটো ধর্মঘট।
গতকাল শুক্রবার থেকে পনেরো দিনের জন্য ফের শুরু হয়েছে জোড়-বিজোড় গাড়ি চলাচল। গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যা জোড় হলে তা মাসের জোড় দিনগুলিতে চলবে। বিজোড় দিনে চলবে বিজোড় সংখ্যার গাড়ি। যেমন, নম্বর প্লেটের শেষ নম্বরটি যাঁদের ১,৩,৫,৭,৯ তাঁরা মাসের বিজোড় তারিখগুলোতে তাঁদের গাড়ি চালাবেন। যাঁদের নম্বর প্লেটের শেষ সংখ্যা ২,৪,৬,৮ ও ০, তাঁরা মাসের জোড় সংখ্যার দিনে গাড়ি বের করবেন। বাস, ট্রেন, অটো, দুই চাকার বাহন, ট্যাক্সি, সরকারি বাহন, দমকল, পুলিশ, মন্ত্রীদের অবশ্য ছাড় দেওয়া হয়েছে। ছাড় পেয়েছেন নারীরা, স্কুল ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের গাড়ি এবং সিএনজিচালিত গাড়ির মালিকদের।
এই কড়াকড়ির ফলে রাজধানী দিল্লির রাস্তায় যানজট নেই বললেই চলে। কিন্তু দূষণ কতটা কমেছে, তা নিয়ে বিভিন্ন সংগঠনের মধ্যেই মতানৈক্য রয়েছে। দিল্লি সরকারের দাবি অনুযায়ী, কম গাড়ি চলায় দূষণের মাত্রা গতবার ২২ শতাংশ কমে গিয়েছিল। যদিও অন্যান্য সংগঠনের হিসেবে দূষণ মাত্রার বিশেষ হেরফের এখনো ঘটেনি।
এই অবস্থায় বিজেপি সমর্থিত অটো সংগঠন সোমবার রাজধানীতে ভাড়া বৃদ্ধির দাবিতে অটো ধর্মঘটের ডাক দিয়েছে। পাশাপাশি দিল্লির বিজেপি নেতা বিজয় গোয়েল জানিয়েছেন, সোমবার তিনি জোড়-বিজোড়ের প্রতিবাদে গাড়ি বের করে দু হাজার টাকা জরিমানা দেবেন। তাঁর বক্তব্য, দূষণ না কমা সত্ত্বেও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের খেয়াল-খুশি মতো এই সিদ্ধান্ত নিয়ে রাজধানীর বাসিন্দাদের চরম দুর্দশার মধ্যে ফেলেছেন। জনগণের টাকায় বড় বড় বিজ্ঞাপন দিয়ে নিজের ভাবমূর্তি তৈরি করছেন। এর বিরুদ্ধেই তাঁর প্রতিবাদ।
শুক্রবার ছিল রাম নবমীর ছুটি। শনিবার ও রোববারও (এই দিন অবশ্য জোড়-বিজোড়ে এমনিতেই ছাড়) ছুটির দিন। সপ্তাহের প্রথম কাজের দিন সেই অর্থে সোমবার। ওই দিন থেকেই বোঝা যাবে দ্বিতীয় দফায় এই নিয়ম কতটা সার্থক হবে।