দিল্লিতে ভোট ৭ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা এক বছরের রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটতে চলেছে ভারতের রাজধানী দিল্লিতে। আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ৭০টি আসনেই ভোট হবে, ফলাফল ঘোষণা হবে ১০ ফেব্রুয়ারি। অর্থাৎ, দিল্লিতে নতুন সরকার গঠন হতে চলেছে এক মাসেরও কম সময়ে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত এই ঘোষণার সঙ্গে জানান, গতকাল সোমবার থেকেই গোটা রাজধানী আদর্শ আচরণবিধির আওতায় চলে এল।
ঠিক এক বছর আগে দিল্লিতে ভোট হয়েছিল। বিজেপি (৩১), আম আদমি পার্টি (২৮), কংগ্রেস (৮) কোনো দলই নিরঙ্কুশ গরিষ্ঠতা পায়নি। কংগ্রেসের সাহায্য নিয়ে আম আদমি পার্টি (এএপি) সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু ৪৯ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন। বিকল্প সরকার গঠনের উপায় রেখে বিধানসভা না ভেঙে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। কিন্তু বিকল্প সরকার গড়তে কোনো দল উদ্যোগী না হওয়ায় নতুন নির্বাচনের ঘোষণা। সম্পত বলেছেন, রাজধানীর এক কোটি ৩০ লাখ ভোটারের জন্য ১১ হাজার ৭৬৩টি পোলিং বুথ খোলা হবে।
প্রধান দুই দল বিজেপি ও এএপি ইতিমধ্যেই তাদের প্রচারাভিযান শুরু করে দিয়েছে। বিজেপির অভিযান শুরু হয়েছে বিরাট ধুমধাম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার মধ্য দিয়ে। কিন্তু বিজেপি আজ পর্যন্ত একজন প্রার্থীর নামও ঘোষণা করেনি। এই বিলম্বের প্রধান কারণ প্রদেশ স্তরে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। প্রদেশ নেতৃত্ব চান কেজরিওয়ালের পাল্টা কাউকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বিজেপি নির্বাচনে যাক। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব তা চান না। দলের মুখপাত্র সম্বিত পাত্র গতকালও বলেছেন, তাঁরা মোদির আদর্শ ও ভাবমূর্তিকে হাতিয়ার করে ভোটে লড়বেন। মুখ্যমন্ত্রী ঠিক হবে ভোটের পর। তিনি জানান, মহারাষ্ট্র, ঝাড়খন্ড বা হরিয়ানা কোনো রাজ্যেই বিজেপি মুখ্যমন্ত্রীর নাম আগাম জানায়নি। দিল্লিতেও তার ব্যতিক্রম হবে না।
এএপি অবশ্য ৭০ আসনেই তাদের প্রার্থী তালিকা অনেক আগেই ঘোষণা করে এলাকাভিত্তিক প্রচার অভিযান শুরু করে দিয়েছে। তাদের লোকবল কম, অর্থবলও। কিন্তু মনোবলে তারা কম যায় না। কেজরিওয়াল এবারও জানিয়েছেন, বিজলি-পানির দাম কমানো, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা ও সর্বস্তরে দুর্নীতি দূর করার প্রতিশ্রুতি থেকে তাঁরা সরছেন না। মানুষকে তাঁরা এ কথাও বলছেন, আগেরবারের মতো ভুলও তাঁরা আর করবেন না। এই দুই দলকে চ্যালেঞ্জ জানানোর মতো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে কংগ্রেসের না থাকলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কংগ্রেস তাদের শীর্ষস্থানীয় নেতাদের আসরে নামিয়ে দিচ্ছে। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং দলের মিডিয়া-প্রধান অজয় মাকেনকে মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড় করানো হচ্ছে। কংগ্রেসের ধারণা, ১০ থেকে ১২টির মতো আসনে জিততে পারলে তারাই হয়ে উঠবে সরকারের নিয়ন্ত্রক।