দিল্লিতে মন্ত্রিসভা কমিটি ও সর্বদলীয় বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে হামলা পরিচালনার ব্যাপারে ভারতের ঘোষণা আসার পর গতকাল ভারতীয় সেনাবাহিনী ও বিজেপি সরকারকে অভিনন্দন জানিয়ে আহমেদাবাদে আনন্দ প্রকাশ করা হয় l রয়টার্স
কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে হামলা পরিচালনার ব্যাপারে ভারতের ঘোষণা আসার পর গতকাল ভারতীয় সেনাবাহিনী ও বিজেপি সরকারকে অভিনন্দন জানিয়ে আহমেদাবাদে আনন্দ প্রকাশ করা হয় l রয়টার্স

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘জঙ্গি ঘাঁটিতে’ অতর্কিত সামরিক হামলার পর গতকাল বৃহস্পতিবার জোর তৎপরতা চলেছে ভারত সরকারের শীর্ষ পর্যায়ে। সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠক ডাকেন। বিকেলে হয়েছে সর্বদলীয় বৈঠক। পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কাকে মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হয়েছে সীমান্তেও।

বুধবার রাত সাড়ে বারোটায় শুরু হওয়া ভারতীয় সামরিক অভিযান চার ঘণ্টা পর গতকাল ভোর সাড়ে চারটায় শেষ হয়। সেনাবাহিনী বলেছে, এই আক্রমণে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ভারতীয় বাহিনীর কারও কোনো ক্ষতি হয়নি। 

সফল অভিযানের পর গতকাল সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠক ডাকেন। মন্ত্রিদের পাশাপাশি প্রায় সঙ্গে সঙ্গেই খবর জানানো হয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, জম্মু-কাশ্মীরের রাজ্যপাল এন এন ভোরা ও মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। এরপরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমকে অল্প সময়ের মধ্যে হাজির হতে বলা হয়। সেখানেই সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লে. জেনারেল রণবীর সিং অভিযান সম্পর্কে জানান। তবে তিনি সংবাদমাধ্যমের কোনো প্রশ্নের জবাব দেননি। অভিযানের খুঁটিনাটিও কিছু বলেননি।

গতকাল বিকেলে ডাকা হয় সর্বদলীয় বৈঠক। সন্ধ্যায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের ডেকে তাঁদের এই বিষয়ে সবকিছু অবহিত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ফোন করেন পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীদের। কথা বলেন কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি ও সাবেক প্রধানমন্ত্রী দেব গৌড়ার সঙ্গেও।

সরকারিভাবে জানানো না হলেও সেনাবাহিনী সূত্রে এই অভিযানের বহু তথ্য জানা গেছে। যেমন নিয়ন্ত্রণরেখার উত্তর থেকে দক্ষিণের কেল, লিপা, হটস্প্রিং ও ভিমবের এলাকার অন্তত সাতটি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেনা সূত্রের ভাষ্য, কম করে ৩৫-৪০ জন সন্ত্রাসী এই অতর্কিত হামলায় নিহত হয়েছে। ভারতের বিশেষ বাহিনী নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ৫০০ মিটার থেকে ২ কিলোমিটার পর্যন্ত ভেতরে গিয়ে আক্রমণ হেনেছে। কোনো কোনো সূত্রের দাবি অনুযায়ী, এই অভিযানে ৯ জন পাকিস্তানি সেনারও মৃত্যু হয়েছে। 

সেনাবাহিনীর ডিজিএমও লে. জেনারেল রণবীর সিং গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপকে পাশে বসিয়ে এই অভিযানের কথা জানান।  হামলার কারণ জানাতে গিয়ে রণবীর বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি তৎপরতা ধ্বংস করতে ইসলামাবাদকে বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু সেই অনুরোধে তারা কান দেয়নি।’

ভারতের ধারণা, এই অভিযানের পর পাকিস্তানও প্রত্যাঘাতের চেষ্টা করবে। সে জন্য সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে পাঞ্জাবের সাত সীমান্তবর্তী জেলার গ্রামগুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে।