দিল্লিতে যেন কারফিউ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

ভারতের রাজধানীতে নামার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মনে তিনটি ভাবনা উঁকি মারতে পারে। এক. দিল্লি মোটেই বেশি মানুষের জনপদ নয়। দুই. ভারতের জনসংখ্যা যুক্তরাষ্ট্রেরই সমতুল্য। তিন. কোনো এক অজ্ঞাত কারণে শহরে হয়তো কারফিউ জারি করা হয়েছে।
রোববার সকাল ১০টায় দিল্লিতে এয়ারফোর্স ওয়ান থেকে নেমে সোজা হোটেলে যেতে যে ১০ কিলোমিটার পথ ওবামা পাড়ি দেবেন, তাতে পুলিশ ছাড়া কোনো সাধারণ মানুষের টিকি বা যানবাহন তিনি দেখতে পারবেন না। বিমানবন্দর থেকে হোটেল, হোটেল থেকে রাষ্ট্রপতি ভবন, যেখানে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে, সেখান থেকে যমুনার তীরে রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানানোর পথে কোথাও জনপ্রাণীর মুখ দর্শন তাঁর হবে না।
রোববার সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত এই যে দুই রাত তিন দিন স্ত্রী মিশেলকে নিয়ে ওবামা ভারতে থাকবেন, এই সময়ে এ দেশের আম আদমির চেহারাটা আসলে কেমন, তা তাঁরা দেখতে পাবেন স্রেফ ২৬ জানুয়ারির প্যারেডের সময়টুকুতে। যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত কখনো ভারতের এই বিশেষ দিনে বিশেষ অতিথি হয়ে আসেননি। এবার ওবামা কেন যে আমন্ত্রণ গ্রহণ করলেন, সেই বিস্ময়ের ঘোরও মার্কিনদের কাটছে না। কারণ টানা দুই ঘণ্টা পাবলিক প্লেসে মার্কিন প্রেসিডেন্টকে এভাবে খোলা আকাশের নিচে রেখে দেওয়া তাঁদের কাছে এক বিশাল ঝুঁকি।
ওই দুই ঘণ্টা ছাড়া সাধারণ জনতাকে ওবামার ত্রিসীমানার মধ্যে যেতে-আসতে দেওয়া হবে না ওই তিন দিন। দিল্লিবাসীর অবস্থা এখন সেই ‘ভিক্ষে চাই না মা, কুকুর সামলাও’-এর মতো। গতকাল শুক্রবার দুপুর থেকেই রাজধানীর সরকারি ও বেসরকারি সব অফিস ছুটি হয়ে গেছে। ওবামা যে হোটেলে থাকছেন, তার সব রাস্তা গতকাল থেকেই নিয়ন্ত্রিত। অনুষ্ঠানস্থল গোটা রাজপথ আজ তিন দিন ধরেই বন্ধ।