দিল্লিতে সংঘর্ষ থেকে রক্ষা পেল দুই বিমান

দিল্লি বিমানবন্দরের রানওয়েতে গতকাল মঙ্গলবার দুটি উড়োজাহাজ অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। কর্তৃপক্ষ বলছে, ভুল-বোঝাবুঝির কারণেই এমন ঘটেছে।
ঘটনার সময় উত্তর ভারতের লক্ষ্ণৌ থেকে ১৬০ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর একটি বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। ঠিক তখন স্পাইসজেটের একটি ফ্লাইট ১৮৭ জন আরোহী নিয়ে হায়দরাবাদের উদ্দেশে উড়াল দিতে প্রস্তুত হচ্ছিল। একপর্যায়ে বিমান দুটি বিপজ্জনক মাত্রার কাছাকাছি চলে আসে। ইন্ডিগোর পাইলট আচমকা ব্রেক করে বিমানটি থামান।
বেসামরিক বিমান চলাচল বিভাগের শীর্ষ পর্যায় থেকে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুটি এয়ারলাইনস কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, কোনো যাত্রীর বিপদ ঘটেনি।
চলতি মৌসুমে দিল্লি এয়ারপোর্টে ঘন কুয়াশার কারণে অনেক ফ্লাইটে বিঘ্ন ঘটেছে।
এদিকে এএফপি জানায়, গোয়ায় জেট এয়ারওয়েজের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে ১৫ জন যাত্রী আহত হয়েছে। বিমানবন্দরটি পরিচালনাকারী ভারতীয় নৌবাহিনী বলেছে, তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। বিমানটিতে ১৬১ জন আরোহী ছিল।