দিল্লিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা
ভারতের দিল্লিতে সন্ত্রাসী হামলা হতে পারে। সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার দুই সন্ত্রাসী দিল্লিতে ঢুকে পড়েছে। তাদের লক্ষ্য, গুরুত্বপূর্ণ নেতার ওপর হামলা চালানো।—এসব কথা জানিয়ে দিল্লি পুলিশ ১ ডিসেম্বর একটি এফআইআর দাখিল করেছে। এই হুঁশিয়ারির ফলে রাজধানীর সর্বত্র বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে দিল্লি মেট্রোয়।
দিল্লি পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ওই দুই সন্ত্রাসী পাকিস্তান-শাসিত কাশ্মীর থেকে সম্প্রতি ভারত-শাসিত কাশ্মীরে ঢুকে পড়ে। সেখান থেকে তারা দিল্লিতে গেছে। তাদের নাম দুজানা ও উকাশা বলে পুলিশ জানিয়েছে। তাদের তিনজন সহযোগী—নোমান, জায়দি ও খুরশিদ। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা জনবহুল রাস্তা, বাজার, মেট্রো স্টেশন ও ভিআইপি এলাকাকে টার্গেট করতে পারে।
ভারতে সম্প্রতি পাঁচজনকে গ্রেপ্তার করা হয় যাদের সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) যোগাযোগ রয়েছে বলে অভিযোগ আছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান ও এক অবসরপ্রাপ্ত হাবিলদার আছে।
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে প্রতি বছরই রাজধানীসহ দেশের সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়। তবে দিল্লিতে নজরদারি বাড়ানো হয় অনেক বেশি। প্রজাতন্ত্র দিবসে প্রতি বছর এক বিদেশি রাষ্ট্রনায়ক বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হন। এবার আমন্ত্রণ জানানো হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। মাত্র কদিন আগেই ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। তাই, সব মিলিয়ে নিরাপত্তা জোরদার হচ্ছে।