দিল্লিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা পুলিশের
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা করছে দিল্লি পুলিশ। তারা বলছে, সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবার দুই আত্মঘাতী বোমা হামলাকারী দিল্লিতে ঢুকে পড়েছে। তাদের লক্ষ্য গুরুত্বপূর্ণ নেতা। দিল্লি পুলিশ এই মর্মে ১ ডিসেম্বর এজাহার দাখিল করেছে। এই হুঁশিয়ারির ফলে গতকাল শনিবার ভারতের রাজধানীর সর্বত্র বিশেষ সতর্কতা জারি করা হয়। বিশেষ করে নজরদারি বাড়ানো হয়েছে দিল্লি মেট্রোয়।
দিল্লি পুলিশের প্রতিবেদন অনুযায়ী, দুই সন্ত্রাসী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ঢুকে পড়ে। সেখান থেকে তারা দিল্লি এসেছে। পুলিশ বলছে, তাদের নাম দুজানা ও উকাশা। তাদের তিনজন সহযোগী হচ্ছে নোমান, জায়দি ও খুরশিদ। তারা জনবহুল রাস্তা, বাজার, মেট্রো স্টেশন ও ভিআইপি এলাকাকে লক্ষ্যবস্তু করবে বলে পুলিশের খবর।
ভারতে সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান এবং এক অবসরপ্রাপ্ত হাবিলদার। এদের কারও কারও সঙ্গে পাকিস্তান হাইকমিশনের কোনো কোনো কর্মীর যোগসাজশ থাকার অভিযোগ উঠেছে।
ভারতের প্রজাতন্ত্র দিবস আগামী ২৬ জানুয়ারি। এই উপলক্ষে প্রতিবছরই রাজধানীসহ দেশের সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়। তবে দিল্লিতে নজরদারি বাড়ানো হয় অনেক বেশি। প্রজাতন্ত্র দিবসে প্রতিবছর একজন বিদেশি রাষ্ট্রনায়ক বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হন। এবার আমন্ত্রণ জানানো হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে। কয়েক দিন আগেই ফ্রান্সের রাজধানী প্যারিসে মারাত্মক সন্ত্রাসী হামলা হয়েছে। সব মিলিয়ে রাজধানীতে নিরাপত্তার আঁটুনি তীব্র হচ্ছে।