দিল্লিতে ১০ বছরের পুরোনো গাড়ি নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ডিজেলচালিত ১০ বছরের পুরোনো গাড়ি চলাচল নিষিদ্ধ করেছে দেশটির ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। একই সঙ্গে অন্য রাজ্য থেকে এ ধরনের যানবাহন দিল্লিতে প্রবেশ করতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়। এর মধ্য দিয়ে দিল্লির বায়ুদূষণের মানের উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রধান স্বতন্তর কুমারের নেতৃত্বে পাঁচজনের বেঞ্চ এ নির্দেশ দেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়।

ট্রাইব্যুনালের এই নিষেধাজ্ঞার প্রভাব দিল্লিতে চলাচলকারী এক লাখ ১৮ হাজার ৭৭৩টি ব্যক্তিগত গাড়ি এবং ৩৪ হাজার ৬৫৯টি বাণিজ্যিক গাড়ির ওপর পড়বে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে প্রতিদিন বাইরে থেকে দিল্লিতে পাঁচ লাখের বেশি গাড়ি প্রবেশ করে। এর মধ্যে ৫০-৭৫ হাজার ট্রাক রয়েছে। বিভিন্ন রাজ্য থেকে আসা যাত্রীবাহী বাস থাকে প্রায় আড়াই হাজার। এসব যানবাহনের সবই ডিজেলচালিত।
গত নভেম্বরে এনজিটি একই ধরনের একটি নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেখানে বলা হয়, দিল্লিতে ১৫ বছরের পুরোনো কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। কিন্তু বিভিন্ন কারণে সরকার ওই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ব্যর্থ হয়। ওই আদেশের পর দিল্লির পরিবেশবিষয়ক মন্ত্রী অসীম আহমেদ খান ১৫ বছরের পুরোনো যানবাহনের মালিককে ‘মোটা অঙ্কের জরিমানা’ করতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানিয়েছিলেন।