দিল্লিতে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, পরের ২০০-তে ৫০ শতাংশ ছাড় পাবেন গ্রাহক

নতুন মাসের শুরুতেই ভারতের রাজধানীবাসী বড় এক ঘোষণা পেলেন। সে ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি সেখানকার বাসিন্দাদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনা মূল্য ব্যবহার করার ঘোষণা দিয়েছেন। এ ক্ষেত্রে ভর্তুকি দেবে সরকার।
আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জনগণের জন্য বিদ্যুতের এসব সুবিধার ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ২০০ ইউনিটের বেশি অর্থাৎ ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকেরা। আর শীতকালে দিল্লির প্রায় ৭০ শতাংশ মানুষ বিনা মূল্যে বিদ্যুৎ পাবেন। তিনি বলেন, আজ থেকে দেশের সবচেয়ে সস্তায় বিদ্যুৎ সুবিধা পাবেন দিল্লিবাসী। এটি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এর ফলে আম-আদমির (সাধারণ মানুষ) সুবিধা হবে। ফ্রি লাইফলাইন ইলেকট্রিসিটি প্রকল্পের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেজরিওয়াল প্রশ্ন তুলে বলেন, এবার আর কেউ বলতে পারবে না, ভিআইপি ও রাজনৈতিক নেতারা সব সুবিধা পান। সাধারণ মানুষকে কেন বঞ্চিত করা হবে? আমি কি এই সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি? কী বলছেন দিল্লির মানুষ?
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এর ফলে রাজধানীর প্রায় ৩৩ শতাংশ মানুষ উপকৃত হবেন। এসব মানুষ বিনা মূল্যে বিদ্যুৎ পাবেন। আর শীতকালে দিল্লির প্রায় ৭০ শতাংশ মানুষ বিনা মূল্যে বিদ্যুৎ পাবেন।
দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এক টুইট বার্তায় জানান, ভালো শিক্ষা ও স্বাস্থ্য যেমন দরকার, তেমনই মানুষের জন্য দরকার বিদ্যুতের সুবিধাও। এই সিদ্ধান্তের ফলে দিল্লির লাখ লাখ মানুষ উপকৃত হবেন।
তবে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার মানুষের জন্য বিদ্যুতের আম আদমি পার্টি সরকারের সুবিধার এ ঘোষণাকে নির্বাচনকেন্দ্রিক ঘোষণা বলে মন্তব্য করেছে। দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি বলেছেন, এটা অরবিন্দ কেজরিওয়াল সরকারের ঘোষণা নয়। এটা বিজেপির আন্দোলনের ফল। নির্বাচনের আগে জনগণকে আকৃষ্ট করতেই বিদ্যুতের সুবিধার ঘোষণা। আম আদমি পার্টির সরকার দিল্লির জনগণের ৭ হাজার কোটি রুপি লুট করেছে। কখন তারা এ অর্থ ফেরত দেবে এটাই প্রশ্ন। তথ্যসূত্র: এনডিটিভি