দিল্লিতেও মোদিকে সামনে রেখে প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ দখলের পর দিল্লি দখলেও মোদি-হাওয়ায় ভর দিল বিজেপি। গতকাল শনিবার রাজধানীর ঐতিহাসিক রামলীলা ময়দানে লাখো মানুষের সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, তিনি স্বপ্ন দেখেন দিল্লিকে আধুনিক করে তোলার। সেই স্বপ্ন বাস্তবে রূপ
দিতে দিল্লিবাসী এগিয়ে আসুক। বিজেপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিক।
বিজেপি জানে, আগেরবারের মতো এবারও দিল্লি দখলের প্রধান কাঁটা আম আদমি পার্টি (এএপি)। সেই দলের নেতা সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বিদ্ধ করে মোদি বললেন, ‘উনি তো নিজেই নিজেকে নৈরাজ্যের হোতা বলেছিলেন। নৈরাজ্যকারীই যখন-তখন জঙ্গলে যান। নকশালদের সঙ্গে মিশুন। দিল্লিতে নৈরাজ্য সৃষ্টি করা চলবে না।’
কেজরিওয়ালদের নাম না করে আরও কটাক্ষ করেন মোদি। বলেন, মিথ্যা ভাষণে জুড়ি নেই, ধরনা ও বিক্ষোভ দেখাতেও ওস্তাদ। কিন্তু প্রশাসনে নয়। সুশাসনের জন্য রয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, ২০২২ সালের মধ্যে দিল্লিকে বস্তিমুক্ত করে তোলা হবে। মোদি বলেন, ‘আমার একটা স্বপ্ন আছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হবে ২০২২ সালে। সেই বছরের মধ্যে দিল্লির বস্তিবাসীদের পাকা বাড়ি দিতে চাই। আর দেব ২৪ ঘণ্টা বিদ্যুৎ।’
দিল্লির ভোট আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ করা হবে। দিন ঘোষণা যেকোনো দিন। গতকাল থেকেই বিজেপি শুরু করে দিল তার আনুষ্ঠানিক প্রচার। এবং সেই প্রচারের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিল, মোদিই তাদের প্রধান হাতিয়ার। সারা শহরে যত হোর্ডিং, তার প্রধান মুখ মোদি। মূল স্লোগানও মোদিকেন্দ্রিক—‘চলো মোদি কে সাথ’।
মোদি-হাওয়ায় ভর দিয়ে এই লড়াইয়ে উতরাতে বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে খাড়াও করেনি। দলীয় সভাপতি অমিত শাহ বলেছেন, মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খন্ড কোথাও আগাম মুখ্যমন্ত্রীর নাম ঘোষিত হয়নি। অতএব দিল্লিতেও নয়। রামলীলা ময়দানের এই জনসভায় জৌলুশ বাড়াতে সভাপতি অমিত শাহর সঙ্গে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খন্ডের সদ্য নিযুক্ত তিন মুখ্যমন্ত্রী যথাক্রমে: দেবেন্দ্র ফড়নবিশ, এম এল খাট্টার ও রঘুবর দাস।
এক বছর আগে নির্বাচনে কেজরিওয়ালের এএপি প্রধানত তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছিল। বিদ্যুতের দাম কমানো, একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত পানীয়জল বিনা মূল্যে দেওয়া এবং দুর্নীতি দূর করা। বিজেপিও এই তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছে। তবে বিদ্যুতের দাম কমানোর কথা বলেনি, বিনা মূল্যে পানি সরবরাহের কথাও নয়। তবে দুর্নীতি বন্ধের বিষয়ে মোদি বলেন, ‘আমার ওপর বিশ্বাস রাখুন। ওপর তলার দুর্নীতি বন্ধ করেছি। এবার ধীরে ধীরে নিচের তলায় নামছি।’
বিজেপির অভ্যন্তরীণ জরিপ অনুযায়ীই লড়াইটা বেশ কঠিন। মহারাষ্ট্র, হরিয়ানার মতো মোটেই মসৃণ নয়। তার ওপর মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নে দল বহুবিভক্ত। অন্যদিকে এএপি ক্রমশ শক্তি সঞ্চয় করছে। তাদের মূল অস্ত্র মুখ্যমন্ত্রী পদে অরবিন্দ কেজরিওয়াল। মোদির সমাবেশের পরই কেজরিওয়াল সংবাদ সম্মেলন করে বলেন, ‘আমি নৈরাজ্যবাদী কি না, জানি না; তবে দুর্নীতিগ্রস্ত নই। প্রতিশ্রুতি দিয়ে তা পালন করেছি। আমি সাধারণ মানুষের পাশে ছিলাম, থাকবও।’