দিল্লির জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের পাশে অরুন্ধতী রায়

ভারতে নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো প্রতিবাদ করছেন। প্রতিবাদরত শিক্ষার্থীদের সঙ্গে এবার সংহতি জানিয়েছেন প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়। শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে তাঁদের সাহস জুগিয়ে বলেছেন, আন্দোলনকারীরা সবাই একত্রিত থাকলে কোনো বন্দিশিবিরই যথেষ্ট হবে না।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান বুকার পুরস্কারজয়ী লেখক অরুন্ধতী রায়। শুরু থেকেই বিতর্কিত এই আইনের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে এসেছেন তিনি। শনিবার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তিনি বলেন, ‘যদি আমরা সবাই একত্রিত থাকি, তাহলে কোনো বন্দীশিবিরই আমাদের বন্দী করে রাখার মতো যথেষ্ট বড় হবে না। কোনো এক সময় হয়তো এমন দিন আসবে, যখন এই সরকার নিজেই বন্দীশিবিরে বন্দী থাকবে, আর আমরা থাকব মুক্ত। আমরা আন্দোলন থেকে পিছু হটব না।’
গত মাসেই নতুন এই নাগরিকত্ব আইনকে ‘বৈষম্যমূলক’ ও ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করেছিলেন অরুন্ধতী। সরকারকে এই আইন প্রত্যাহারের আহ্বানও জানিয়েছিলেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে মিলে অরুন্ধতী রায়ের বক্তব্য দেওয়ার ভিডিও শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান।
অরুন্ধতী রায় তাঁর ‘দ্য গড অব স্মল থিংস’ উপন্যাসের জন্য ১৯৯৭ সালে সাহিত্য জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার বুকার পুরস্কার পান। মানবাধিকার ও পরিবেশগত বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোচ্চার হওয়ায় গত ১৫ ডিসেম্বর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে টিয়ারশেলও নিক্ষেপ করে পুলিশ। এখন পর্যন্ত জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের সমর্থনে বক্তব্য দিয়েছেন অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব।