দিল্লির দূষণ রোধে সুপ্রিম কোর্টের নতুন দাওয়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লির দূষণ রোধে সুপ্রিম কোর্টের নতুন দাওয়াইয়ে কোপ পড়ল ডিজেলচালিত বাহনের ওপর। ২০০০ সিসি ও তার চেয়ে বেশি ইঞ্জিন-ক্ষমতার গাড়ির নিবন্ধন আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখতে গতকাল বুধবার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। ওই নির্দেশে আরও বলা হয়, শুধু দিল্লিই নয়, দিল্লির লাগোয়া উত্তর প্রদেশ ও হরিয়ানার যেসব অঞ্চল ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (এনসিআর) মধ্যে পড়েছে, সেখানেও রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।
এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতিরা বলেন, টাকা আছে বলেই ধনীরা ডিজেলচালিত বড়বড় এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল-বড় জিপজাতীয় গাড়ি) চালাবেন, তা মানা যায় না।
দিল্লির মাত্রাছাড়া দূষণ কমাতে আদালত ও জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) বেশ কিছুদিন ধরেই নানা ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। আদালতের নির্দেশে দিল্লির মুখ্যমন্ত্রী ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজধানীতে জোড়-বিজোড় সংখ্যার গাড়ি একেক দিন চালানোর নির্দেশ দিয়েছেন। পনেরো দিন পরে এই অভিজ্ঞতা থেকে রাজ্যসরকার নতুন সিদ্ধান্ত নেবে। সুপ্রিম কোর্টের সর্বশেষ সিদ্ধান্ত এই সার্বিক বিধিনিষেধেরই অংশ।
সুপ্রিম কোর্টের আরও নির্দেশ, দিল্লি হয়ে যে মালবাহী ট্রাক অন্য রাজ্যে যাতায়াত করে, সেগুলো আর দিল্লিতে ঢুকতে পারবে না। এসব ট্রাক সাধারণত জাতীয় সড়ক ১ ও ৮ দিয়ে চলাচল করে। এবার তাদের দিল্লির বাইরে থেকে অন্য রাস্তা ধরে ভিনরাজ্যে যেতে হবে। পণ্যবাহী যেসব ট্রাক দিল্লি আসবে, তাদের পরিবেশ ক্ষতিপূরণ জরিমানা (ইসিসি) দ্বিগুণ করা হয়েছে। বড় ট্রাককে দিতে হবে ২ হাজার ৬০০ টাকা, ছোট ট্রাককে ১ হাজার ৪০০।
রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেন, ‘সার্বিকভাবে মোকাবিলা করতে না পারলে দিল্লির দূষণ লোকজনকে মেরে ফেলবে। কিছুদিনের জন্য কিছু লোকের অসুবিধা হতে পারে। কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের কঠোর হতেই হবে।’ রায়ে বলা হয়েছে, সব ট্যাক্সিকেই ২০১৫ সালের ১ মার্চের মধ্যে সিএনজিতে রূপান্তর করতে হবে। দিল্লিতে সব অটোই এখন সিএনজিচালিত। সরকারি বাসও তাই। গাড়ি প্রস্তুতকারকদের পক্ষ থেকে আদালতের কাছে নরম মনোভাব গ্রহণের আরজি জানানোর পাশাপাশি এই শিল্পের কথাও ভেবে দেখতে অনুরোধ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর তাঁদের কটাক্ষ করে বলেন, ‘মানুষের জীবন বিপন্ন হতে চলেছে অথচ আপনারা গাড়ি বিক্রি ও ব্যবসার কথাই ভাবছেন!’
ডিজেলচালিত বাহনের ওপর কোপ পড়লেও ২০০০ সিসির কম ইঞ্জিন-ক্ষমতার বেসরকারি গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। অবশ্য এনজিটি আগেই জানিয়েছে, ১০ বছরের পুরোনো ডিজেল গাড়িকে আর চলতে দেওয়া হবে না। ২০০৫ সালের আগে নিবন্ধন হওয়া সব ধরনের পণ্যবাহী বাণিজ্যিক গাড়ির জন্যও দিল্লিতে প্রবেশ নিষিদ্ধ হয়েছে। দূষণের প্রথম বলি ট্রাফিক পুলিশ। আদালত তাই সরকারকে নির্দেশ দিয়েছে, ট্রাফিক পুলিশদের দূষণ প্রতিরোধী মুখোশ সরবরাহ করতে হবে। পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে আবর্জনা পোড়ানো।