দিল্লির দূষণরোধে কোপ পড়ল ডিজেলচালিত বাহনে

দিল্লির দূষণ রোধে সুপ্রিম কোর্টের নতুন দাওয়াইয়ের কোপ পড়ল ডিজেলচালিত বাহনের ওপর। ২০০০ সিসি ও তার চেয়ে বেশি ইঞ্জিন-ক্ষমতার গাড়ির রেজিস্ট্রেশন আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট।
এই নির্দেশে বলা হয়, শুধু দিল্লিই নয়; দিল্লির লাগোয়া উত্তর প্রদেশ ও হরিয়ানার যে অঞ্চলগুলো ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (এনসিআর) মধ্যে পড়ছে, সেখানেও রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।
এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতিরা বলেন, টাকা আছে বলে ধনীরা ডিজেল-চালিত বড়বড় এসইউভি চালাবেন, তা মানা যায় না।
দিল্লির মাত্রাছাড়া দূষণ কমাতে আদালত ও জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) বেশ কিছুদিন ধরেই নানা ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আদালতের নির্দেশে দিল্লির মুখ্যমন্ত্রী ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজধানীতে জোড়-বিজোড় সংখ্যার গাড়ি একেকদিন চালানোর নিদান দিয়েছে। ১৫ দিন পরে এই অভিজ্ঞতা থেকে রাজ্য সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করবে। সুপ্রিম কোর্টের আজকের সিদ্ধান্ত এই সার্বিক বিধিনিষেধেরই অঙ্গ।
সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়, দিল্লি হয়ে যে মালবাহী ট্রাক অন্য রাজ্যে যাতায়াত করে, তারা আর দিল্লিতে ঢুকতে পারবে না। এসব ট্রাক সাধারণত জাতীয় সড়ক ১ ও ৮ দিয়ে চলাচল করে। এবার তাদের দিল্লির বাইরে থেকে অন্য রাস্তা ধরে ভিনরাজ্যে যেতে হবে। পণ্যবাহী যেসব ট্রাক দিল্লি আসবে, তাদের পরিবেশ ক্ষতিপূরণ জরিমানা (ইসিসি) দ্বিগুণ করা হয়েছে। বড় ট্রাককে দিতে হবে ২ হাজার ৬০০ রুপি, ছোট ট্রাককে ১ হাজার ৪০০ রুপি।
রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন, সার্বিকভাবে মোকাবিলা করতে না পারলে দিল্লির দূষণ মানুষকে মেরে ফেলবে। কিছুদিনের জন্য কিছু মানুষের অসুবিধা হতে পারে, তবে ভবিষ্যতের জন্য কঠোর হতেই হবে। রায়ে বলা হয়েছে, সব ট্যাক্সিকেই আগামী বছরের ১ মার্চের মধ্যে সিএনজিতে রূপান্তর করতে হবে। দিল্লিতে সব অটোই এখন সিএনজিচালিত। সরকারি বাসও। গাড়ি প্রস্তুতকারকদের পক্ষ থেকে আদালতের কাছে নরম মনোভাব গ্রহণের আরজি জানানোর পাশাপাশি তাঁদের শিল্পের কথাও ভেবে দেখতে অনুরোধ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর তাঁদের উদ্দেশে বলেন, মানুষের জীবন বিপন্ন হতে চলেছে, অথচ আপনারা গাড়ি বিক্রি ও ব্যবসার কথা ভাবছেন!
ডিজেল-চালিত বাহনের ওপর কোপ পড়লেও ২০০০ সিসির কম ইঞ্জিন-ক্ষমতার বেসরকারি গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। অবশ্য এনজিটি আগেই জানিয়েছে, দশ বছরের পুরোনো ডিজেল গাড়িকে আর চলতে দেওয়া হবে না। ২০০৫ সালের আগে রেজিস্ট্রি হওয়া সব ধরনের পণ্যবাহী বাণিজ্যিক গাড়ির জন্যও দিল্লি-প্রবেশ নিষিদ্ধ হয়েছে। দূষণের প্রথম বলি ট্রাফিক পুলিশ। আদালত তাই সরকারকে নির্দেশ দিয়েছে, ট্রাফিক পুলিশদের দূষণ প্রতিরোধকারী মুখোশ সরবরাহ করতে হবে। পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে জঞ্জাল পোড়ানো।