দিল্লির নির্বাচন নিয়ে চাপে মোদি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি বিধানসভার নির্বাচন নিয়ে এবার সরকারের ওপর প্রবল চাপ সৃষ্টি করল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে, বিকল্প সরকার গঠন না হলে কত দিনের মধ্যে ভোট হবে, তা যেন নির্দিষ্ট করে জানানো হয়। পাঁচ সপ্তাহের জন্য এই মামলার শুনানি স্থগিত রেখে সুপ্রিম কোর্ট স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন, বিধানসভা জিইয়ে রেখে রাষ্ট্রপতির শাসন চালিয়ে যাওয়াটা তাদের আদৌ পছন্দ নয়।
গত বছরের ডিসেম্বরের নির্বাচনে বিজেপি, কংগ্রেস বা আম আদমি পার্টি (এএপি) কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে কংগ্রেসের সমর্থন নিয়ে এএপি সরকার গঠন করে। কিন্তু মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৪৯ দিনের মাথায় ইস্তফা দেন ও দিল্লির উপরাজ্যপাল নাজিব জংয়ের কাছে বিধানসভা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের সুপারিশ করেন। উপরাজ্যপাল সেই সুপারিশ না মেনে বিকল্প সরকারের পথ খোলা রেখে রাষ্ট্রপতির শাসন জারি করেন। ফেব্রুয়ারিতে জারি হওয়া রাষ্ট্রপতির শাসনের মেয়াদ চলতি মাসে শেষ হওয়ার কথা। এরই মধ্যে মেয়াদ না বাড়িয়ে নির্বাচনের নির্দেশ জারির দাবিতে এএপির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয়। সাংবিধানিক বেঞ্চে গতকাল সেই মামলারই শুনানি হলো।
বিচারপতিদের মন্তব্যে পরিষ্কার, বিকল্প সরকার গঠনের নামে অনির্দিষ্টকাল ধরে বিধানসভা জিইয়ে রাখার কেন্দ্রীয় কৌশল আদালত একেবারেই পছন্দ করছেন না। আদালতের মন্তব্য, ‘আমরা রাজনৈতিক দলের দৃষ্টিতে নয়, সাধারণ মানুষের দৃষ্টিতে বিষয়টি দেখছি। মানুষ যাঁদের নির্বাচিত করেছেন, তাঁদের কোনো কাজ নেই অথচ বাড়ি বসে বসে তাঁরা বেতন নিচ্ছেন। দেশের করদাতাদের অর্থ বরবাদ হচ্ছে।’
কেন্দ্রের পক্ষ থেকে আদালতে যখন বলা হয়, আরেকটা নির্বাচনের বোঝা না চাপিয়ে বিকল্প সরকার গঠনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, বিচারপতিরা তখন মন্তব্য করেন, একটা দল বলছে তাদের পক্ষে জনসমর্থন নেই। অন্য দল বলছে, তাদের সরকার গড়ার ইচ্ছা নেই। তৃতীয় দলের পক্ষেও সরকার গঠন সম্ভব নয়। এই পরিস্থিতিতে জনতা কেন দুর্ভোগ সইবে?
শুনানি পাঁচ সপ্তাহ স্থগিত রেখে বিচারপতিরা বলেন, কেন্দ্র যদি দুই মাসের মধ্যে বিধানসভা ভেঙে দিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়, তা হলে তাঁরা মামলা খারিজ করে দেবেন।
সুপ্রিম কোর্টের এই মন্তব্য বিজেপিকে চাপের মধ্যে ফেলে দিল। লোকসভার ভোটে জেতার পর কংগ্রেস ভাঙিয়ে ও নির্দলীয়দের নিয়ে দিল্লিতে সরকার গড়ার একটা উদ্যোগ বিজেপির একটা অংশ নিয়েছিল। কিন্তু সাবেক সভাপতি নিতিন গড়করি, রাজনাথ সিং, অরুণ জেটলি, হর্ষবর্ধনদের মতো কেন্দ্রীয় নেতারা মনে করেন, নতুন করে ভোটে যাওয়াই ভালো। এ অবস্থায় উত্তরাখন্ড বিধানসভার তিনটি উপনির্বাচনে কংগ্রেসের কাছে বিজেপি হেরে যায়। বিহারে ১০টি উপনির্বাচনে লালু প্রসাদ, নীতিশ কুমার ও কংগ্রেস একজোট হয়ে লড়ছে। ফলে দিল্লি নিয়ে ভোটপন্থীরা তীব্র সংশয়ে। সুযোগ বুঝে ভোটের দাবিতে আসরে নেমে পড়েছে এএপি।