দিল্লির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভারতের রাজধানী নয়াদিল্লির ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি (প্রাকৃতিক জাদুঘর) প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে। গত সোমবার রাতে এখানে আগুন লাগে। দেশটির পরিবেশমন্ত্রী বলেছেন, আগুনে পুড়ে গেছে বিরল সব প্রাণী ও উদ্ভিদের হাজার হাজার নমুনা।
দমকল বাহিনীর কর্মকর্তারা বলেছেন, এ জাদুঘরের ছয়তলায় সোমবার রাত পৌনে দুইটার দিকে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে অন্য তলাগুলোতে। এ ভবনের পাশের এফআইসিসিআই মিলনায়নতনেও আগুন ছড়িয়ে পড়ে। তবে ওই ভবনের বেশি ক্ষতি হয়নি। সারা রাত ধরে নির্বাপককর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এঁদের মধ্যে সাতজন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের হাসপাতালে নেওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভারতের পরিবেশমন্ত্রী প্রকাশ জাবেদাকার জাদুঘরের বাইরে সাংবাদিকদের বলেছেন, ক্ষয়ক্ষতির সরকারি হিসাব এখনো শেষ করা যায়নি। তবে পুরোনো দুর্লভ সংগ্রহগুলো সব ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ‘এটাই আসল ক্ষতি। এই ক্ষতি রুপির অঙ্ক দিয়ে নির্ধারণ করা যাবে না। প্রাণী ও উদ্ভিদের অনেক পুরোনো সব প্রজাতির নমুনা এখানে ছিল।’
দেশের বাকি ৩৪টি বড় জাদুঘরের নিরাপত্তাসংক্রান্ত নজরদারি ত্বরান্বিত করতেও নির্দেশ দেন পরিবেশমন্ত্রী জাবেদাকার।
১৯৭৮ সালে নয়াদিল্লির ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি উদ্বোধন করা হয়। এখানে বাঘ, চিতাবাঘ, প্রজাপতি, ব্যাঙ, সাপসহ বহু প্রাণীর নমুনা সংরক্ষিত ছিল।