দিল্লির পাঁচ হাসপাতালের ৭০০ কোটি রুপি জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা না দিয়ে ‘অন্যায্য লাভ’ করায় দিল্লির পাঁচটি হাসপাতালকে ৭০০ কোটি রুপির বেশি জরিমানা করেছে দিল্লি সরকার। খবর এনডিটিভি অনলাইনের।

এসব হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, নির্দিষ্টসংখ্যক গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার কথা বলে তারা সরকারের কাছ থেকে স্বল্পমূল্যে জমি নিয়ে হাসপাতাল গড়ে তোলে। কিন্তু এখন বিনা মূল্যে সেবা দিচ্ছে না।

দিল্লির স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত পরিচালক হেম প্রকাশ জানিয়েছেন, জরিমানা করা হাসপাতালগুলো হলো ফরটিস ইসকোর্টস হার্ট ইনস্টিটিউট, ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল, শান্তি মুকান্দ হসপিটাল, ধর্মশিলা ক্যানসার হসপিটাল ও পুষ্পওয়াতি সিংঘানিয়া রিসার্চ ইনস্টিটিউট। ১৯৬০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এই হাসপাতালগুলো নির্দিষ্টসংখ্যক রোগীকে বিনা মূল্যে সেবা দেওয়ার শর্তে সরকারের কাছ থেকে স্বল্পমূল্যে জমি বরাদ্দ নেয়।

হেম প্রকাশ জানান, এই পাঁচটি হাসপাতাল তাদের শর্ত পূরণ করেনি। এ কারণে ২০১৫ সালের ডিসেম্বরে এসব হাসপাতালে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়। কিন্তু তারা এর কোনো সদুত্তর দিতে পারেনি। এ কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২০০৭ সালে পাস হওয়া উচ্চ আদালতের বিধান অনুযায়ী তাদের এই জরিমানা করা হয়েছে। হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে ৯ জুনের মধ্যে এই অর্থ জমা দিতে বলা হয়েছে। এই জরিমানার অর্থ জমা দিতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

দিল্লিতে এ পর্যন্ত ৪৩টি বেসরকারি হাসপাতালকে ছাড়কৃত মূল্যে জমি বরাদ্দ দেওয়া হয়। এর জন্য তাদের শর্ত দেওয়া হয় যে তারা হাসপাতালে ভর্তি রোগীদের ১০ শতাংশ ও বহির্বিভাগের ২৫ শতাংশ রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেবে।

ফরটিস ইসকোর্টস হার্ট ইনস্টিটিউট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই জরিমানার আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে।