দিল্লির পৌর নির্বাচনে আশা ফিরে পেল কংগ্রেস
বুথফেরত সমীক্ষার পরের দিন কংগ্রেসের মন খারাপে কিছুটা প্রলেপ দিল ভারতের রাজধানী নয়াদিল্লি পৌরসভার উপনির্বাচনের ফল। মোট ১৩টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস জিতে নিল ৪টি, ১টি জিতেছেন বিক্ষুব্ধ কংগ্রেস প্রার্থী। তিনি স্বতন্ত্রভাবে এই ভোটে লড়েন।
এই প্রথম পৌর ভোটে অংশ নিল দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিও (এএপি)। তারা জিতল পাঁচটি আসন। বাকি তিনটি আসন পেয়েছে পৌরসভার ক্ষমতাসীন দল বিজেপি। তাদের কাছে এই নির্বাচন নিতান্তই হতাশজনক।
বিজেপির কাছে এই ফল হতাশাজনক কারণ, যে আসনগুলোতে ভোট হলো, সেগুলোর মধ্যে সাতটি ছিল তাদের দখলে। পাঁচটি ছিল স্বতন্ত্রদের, একটি ওয়ার্ড ছিল রাষ্ট্রীয় লোক দলের। তিনটি পুরসভার নিয়ন্ত্রণও রয়েছে বিজেপির হাতে।
আম আদমি পার্টির পক্ষেও এই ফল আশাপ্রদ নয়। কারণ, দিল্লি বিধানসভার ভোটের ফলের নিরিখে এই ১৩টি ওয়ার্ডের মধ্যে ১২টিতেই এএপি ছিল এগিয়ে। সেই ভোটে দিল্লির মানুষ হাত উপুড় করে সমর্থন দিয়েছিল আম আদমি পার্টিকে। ভোটের আগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও তাঁর দলের লক্ষ্য স্থির করে জানিয়েছিলেন, ১৩টি আসনেই তাঁরা জয়ী হবেন। ফল প্রকাশের পর সেই হতাশা কিছুটা হলেও ঝরে পড়েছে তাঁর কণ্ঠে। তবু তিনি বলেছেন, এটা শুরু হলো। পরের লক্ষ্য পৌরসভার দখল।
সেই নিরিখে কংগ্রেসের ফল যথেষ্টই সন্তোষজনক। দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন গতকাল ফল প্রকাশের পর বলেন, যে চার আসন তাঁরা জিতেছেন, সেগুলো ২০০৭ ও ২০১২ সালের ভোটেও তাঁরা জিততে পারেননি। মাকেন জানান, স্বতন্ত্র প্রার্থীও শিগগির কংগ্রেসে যোগ দিতে চলেছেন। কংগ্রেসের মনোনয়ন না পেয়ে ওই প্রার্থী বিক্ষুব্ধ হয়ে লড়েছিলেন। তিনি যাঁকে হারান তিনি ছিলেন কংগ্রেসের দলীয় প্রার্থী।
চার বছর আগে ২০১২ সালে দিল্লি পৌরসভাকে তিনটি ভাগে ভাগ করা হয়। ২০০৭ সালের নির্বাচন থেকে দিল্লি পৌরসভা রয়েছে বিজেপির দখলে। এত দিন যা ছিল কংগ্রেস ও বিজেপির লড়াই, গত বছর থেকে সেখানে তৃতীয় শক্তি হিসেবে উঠে এসেছে আম আদমি পার্টি। দিল্লির এই শাসক দলের সঙ্গে বিজেপির খিটমিট অহরহ লেগেই রয়েছে। কারণ, পূর্ণ রাজ্যের মর্যাদা না পাওয়া দিল্লি সরকারের মাথায় রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। অন্যদিকে তিনটি পৌরসভাই বিজেপির দখলে থাকায় রাজধানীর মানুষদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আম আদমি পার্টির সরকারকে তাকিয়ে থাকতে হয় বিজেপি-নিয়ন্ত্রিত এসব পৌরসভার দিকে।