দিল্লির প্রতি প্রতিশোধ নিতে চান মোদি: কেজরিওয়াল
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির বিধানসভা নির্বাচনে পরাজয় হজম করতে পারেনি কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ জন্য দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে তাঁরা দিল্লিবাসীর প্রতি প্রতিশোধ নিতে চান।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন কেজরিওয়াল। গতকাল শনিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদভিত্তিক এই টেলিভিশন চ্যানেলটি।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং বিজেপির পোলিং এজেন্টের মতো আচরণ করছেন অভিযোগ করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করার সময় লেফটেন্যান্ট গভর্নরের নেই। কিন্তু বিজেপির সভাপতি অমিত শাহর চৌকিদার ডাকলেও তিনি (নাজিব জং) হামাগুড়ি দিয়ে হাজির হবেন।
কেজরিওয়াল বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির সভাপতিকে এটা মেনে নিতেই হবে যে ‘দিল্লি শাসন করার জন্য এএপিকেই (কেজরিওয়ালের দল) ভোট দিয়েছে দিল্লিবাসী। কাজেই কেবল এএপিই রাজধানী শাসন করবে, বিজেপি নয়।’