দিল্লির বাতাসে দম আটকানো ধুলা, সব স্কুল তিন দিন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াদিল্লির সড়কে মাস্ক পরে প্রাতঃকালীন দৌড় l এএফপি
নয়াদিল্লির সড়কে মাস্ক পরে প্রাতঃকালীন দৌড় l এএফপি

বাতাসে ধুলা ও ধোঁয়ার মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ভারতের রাজধানী নয়াদিল্লির স্কুলগুলো তিন দিন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ দিন সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে। গতকাল রোববার দিল্লির রাজ্য সরকার এ ঘোষণা দেয়।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই সমস্যা একযোগে মোকাবিলা করতে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। তিনি বলেন, দূষণ মোকাবিলায় নগরে আগামী পাঁচ দিন কোনো ধরনের নির্মাণকাজ বা ভবন ভাঙার কাজ চালানো যাবে না। আর তিন দিন কোনো স্কুল খুলবে না।
কয়েক দিন থেকে ধুলা ও ধোঁয়ার মোটা স্তর ঢেকে ফেলেছে রাজধানী শহরকে। এ অবস্থায় সৃষ্ট সংকটময় পরিস্থিতির কারণে স্থানীয় ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের অনেক সভা স্থগিত করতে হয়েছে। কেজরিওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে যত দূর সম্ভব ঘরে অবস্থান করে প্রয়োজনীয় কাজ সম্পাদনের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে গত শনিবার দিল্লি নগরকে ‘গ্যাস চেম্বার’-এর সঙ্গে তুলনা করেন কেজরিওয়াল।
দিল্লির আশপাশের রাজ্যগুলোর অধিকাংশই মূলত কৃষির ওপর নির্ভরশীল। ফসল কেটে নেওয়ার পর প্রতিটি আবাদি জমিতে বিভিন্ন শস্যের আগাছা ও মুড়ো পড়ে থাকে। ফসলের মৌসুমে বীজ বপনের আগে কৃষকেরা সেসব আগাছা পুড়িয়ে দেন। সেই পোড়ানো থেকে সৃষ্ট ধোঁয়া দিল্লি ও এর আশপাশের শহরগুলোর বাতাস দূষিত করে তোলে।
ভারতের পরিবেশমন্ত্রী অনিল মাধব দেব শনিবার রাজ্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বায়ুদূষণ রোধে সমাধান খুঁজে বের করার উদ্যোগ দেওয়া হয়েছে। শস্যের আগাছা পোড়ানোর বিষয়টি নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করার কথা। ডিজেল ইঞ্জিন, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র ও শিল্পের বর্জ্য থেকে সৃষ্ট দূষণের ফলেও নয়াদিল্লির বাতাসে দূষণ বছরজুড়ে ক্রমেই বেড়েছে।
নগরের বায়ুদূষণ পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ হিসেবে মুখ্যমন্ত্রী এর আগে শহরে গাড়ি চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেন। খবরে বলা হয়, দূষণ নিয়ন্ত্রণের স্বার্থে তিনি আবার তা শুরু করতে পারেন।