দিল্লির বাতাসে দূষণের মারাত্মক বিষ

বিশ্বের যেসব নগরে উচ্চমাত্রায় বায়ুদূষণ রয়েছে, এরমধ্যে দিল্লির বদনাম অনেক আগে থেকেই। নতুন এক গবেষণায় এই দূষণের মধ্যে এমন এক উপাদান পাওয়া গেছে, যা নগরবাসীর জন্য আরেকটি দুঃসংবাদ। একটি সরকারি সংস্থা দাবি করছে, দিল্লির বাতাসে রয়েছে জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ কণা আলট্রাফিন পার্টিকল ম্যাটার বা পিএম১। দাবি করা হচ্ছে, বর্ষা মৌসুমে যখন এই নগরের বায়ুদূষণের মাত্রা সর্বনিম্ন পর্যায়ে থাকে, ওই সময়ও পিএম ১ কণা অতি উচ্চমাত্রায় থাকে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, দূষণ পর্যবেক্ষণ সংস্থা এসএএফএআর জানিয়েছে, তাদের সাম্প্রতিক পর্যবেক্ষণে দিল্লির বাতাসে এই ক্ষতিকর কণার উপস্থিতি শনাক্ত করা হয়। দিল্লির কেন্দ্রস্থলে লোধি রোডে বায়ুদূষণের মাত্রা তুলনামূলকভাবে কম। সেখানেও পিএম১-এর উপস্থিতি খুব বেশি।
পিএম ১ হলো এক ধরনের খুদে দূষণ-কণা, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক বলে বিবেচিত। গবেষণায় দেখা গেছে, দূষণ-সংশ্লিষ্ট হৃদ্রোগের প্রাথমিক কারণ পিএম১। পিএম ১ কণা সহজেই মানুষের ফুসফুস ও রক্তে প্রবেশ করতে পারে।