দিল্লির বাসভবন ছাড়ার চূড়ান্ত নোটিশ পেলেন মুকুল রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুকুল রায়
ফাইল ছবি

বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া মুকুল রায়কে দিল্লির বাসভবন ছাড়ার চূড়ান্ত নোটিশ দিয়েছে ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার আবাসন কমিটি। কমিটি জানিয়েছে, মুকুল রায় এখন লোকসভা বা রাজ্যসভার সাংসদ নন। ফলে তাঁর ওই বাসভবনে থাকার কোনো অধিকার নেই। গতকাল শনিবার রাজ্যসভার আবাসন কমিটির পক্ষ থেকে এ নোটিশ দেওয়া হয়।

বিজেপি ছাড়লেও পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিধায়কের পদ ছাড়েননি মুকুল রায়। সাবেক দল বিজেপি থেকে বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। দল ছাড়ার পর তাঁর বিধায়ক পদটিও ছাড়ার জন্য রাজ্য বিধানসভার স্পিকারের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। সেই আবেদনের শুনানি এখনো শেষ হয়নি। এর মধ্যেই মুকুল রায়কে দিল্লির ১৮১ নম্বর সাউথ অ্যাভিনিউয়ের বাংলো ছাড়ার নোটিশ দেওয়া হলো।

গত মাসে বাংলো ছেড়ে দেওয়ার জন্য মুকুল রায়কে প্রথম নোটিশ দেওয়া হয়। আর গতকাল দেওয়া হলো চূড়ান্ত নোটিশ। মুকুল বিজেপির নেতা থাকাকালীন বিজেপির রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্তের অতিথি হিসেবে ওই বাংলোয় বসবাস করে আসছিলেন।

এদিকে বাংলোটি মুকুল রায়কে দেওয়া না হলে সেটি রাজ্যসভায় তৃণমূলের সাংসদ দোলা সেন অথবা সুখেন্দু শেখর রায়কে বরাদ্দ দেওয়ার আবেদন জানায় তৃণমূল। তবে সেই আবেদন খারিজ করা হয়।

১৯৯৮ সালের ১ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার অন্যতম কারিগর ছিলেন মুকুল রায়। ২০১১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হন মমতা। পরে মমতার সঙ্গে বনিবনা না হলে ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর মুকুল রায় তৃণমূল ছাড়েন। সে বছরই ৩ নভেম্বর বিজেপিতে যোগ দেন তিনি। চলতি বছরে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয় পান তিনি। পরে ১১ জুন বিজেপি ছেড়ে আবার পুরোনো দল তৃণমূলে ফিরে আসেন মুকুল।

এদিকে মুকুল রায় তৃণমূলে ফিরে আসার পরও বিজেপির পক্ষে একের পর এক বক্তব্য দিয়ে সমালোচনার সৃষ্টি করেছেন। ৬ আগস্ট কৃষ্ণনগরে এক সংবাদ সন্মেলনে তিনি বলেন, ‘আমি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে বলতে পারি, কৃষ্ণনগর আসনে তৃণমূল পর্যুদস্তু হবে। কৃষ্ণনগরে বিজেপি স্বমহিমায় ফিরে আসবে।’

মুকুল রায়ের ওই মন্তব্যে নাখোশ হয় তৃণমূল। মন্তব্যের পর গত সোমবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হওয়ার কথা থাকলেও সেই সুযোগ থেকে বঞ্চিত হন তিনি।

গত শুক্রবারও কলকাতায় বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে যোগ দিয়ে বেফাঁস মন্তব্য করেন মুকুল রায়। সাংবাদিকদের তিনি বলেন, ‘কৃষ্ণনগরে আবার নির্বাচন হলে আমিই জিতব। তবে তৃণমূলের টিকিটে নয়; বিজেপির টিকিটে লড়লেই জিতব।’