দিল্লির ভোট শেষে কী হবে শাহিনবাগে

দিল্লির ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কি নির্ধারিত হবে শাহিনবাগ অবস্থান বিক্ষোভের ভাগ্য? প্রশ্নটা উঠে গেছে এরই মধ্যে। টানা ৫২ দিন ধরে শাহিনবাগের এক রাস্তা অবরুদ্ধ। বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রত্যাহার ও এনআরসির সিদ্ধান্ত বাতিল করার দাবিতে স্থানীয় জনতা সেখানে অবস্থান করছে। প্রচণ্ড শীত উপেক্ষা করে দিনরাত যারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, তাদের অধিকাংশই নারী ও শিশু।
শাহিনবাগের অদূরেই জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ অব্যাহত সেখানেও। দুই স্থানে তিন বার গুলি চলেছে। দুই দুষ্কৃতকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার বোরকা পরা এক হিন্দু নারীকেও পুলিশ আটক করে।
দিল্লির ভোট আগামী শনিবার। ভোটের দিন যত এগোচ্ছে, প্রচারে ততই প্রবলভাবে উঠে আসছে শাহিনবাগ। বিজেপি সব ভুলে শাহিনবাগকেই করে তুলেছে তাদের একমাত্র বিষয়। শাহিনবাগ তাদের কাছে দেশদ্রোহের প্রতীক। টুকরে টুকরে গ্যাংয়ের সমার্থক। তাদের চোখে আম আদমি পার্টি ও কংগ্রেস শাহিনবাগের আন্দোলনকারীদের মদদদাতা। বিজেপির নেতাদের কাছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাক্ষাৎ ‘টেররিস্ট’। এই ‘টেররিস্টে’র হাত থেকে দিল্লিকে মুক্ত করার সংকল্পে বিজেপি অটল। শাহিনবাগ এই মুহূর্তে তাদের চোখের বালি।
কীভাবে এই তল্লাট মুক্ত হবে প্রশ্ন সেটাই। আন্দোলনকারীরা বলছেন, ভোটের সঙ্গে তাঁদের অবস্থান আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দাবি মানা না হলে তাঁরাও উঠবেন না। অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা লোকসভার সদস্য আসাউদ্দিন ওয়াইসি অবশ্য মনে করছেন, দিল্লির ভোট মিটলেই শাহিনবাগ জালিয়ানওয়ালাবাগে পরিণত হতে পারে।
ওয়াইসি বুধবার সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ওদের গুলি করা হতে পারে। বিজেপির মন্ত্রীই তো গুলি করার পক্ষে সওয়াল করেছেন। শাহিনবাগকে ওরা জালিয়ানওয়ালাবাগ করে তুলতে পারে।
দিল্লির ভোট এই শেষবেলায় বিজেপির কাছে পুরোপুরি শাহিনবাগময়। শাহিনবাগে দ্বিতীয়বার গুলি চালানোর অভিযোগে যাঁকে হাতেনাতে ধরা হয়েছিল, সেই যুবককে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। পুলিশ কয়েকটা ছবি প্রচার করেছে। তাতে ওই যুবককে আম আদমি পার্টির এক নেতার সঙ্গে দেখা যাচ্ছে। মাথায় দলের টুপি। পুলিশের দাবি, ওই যুবক ও তাঁর বাবা দুজনেই আম আদমি পার্টির সদস্য। বিজেপির দাবি, আম আদমি পার্টিই এই কাজ করেছে সহানুভূতি আদায়ের জন্য।
আম আদমি পার্টির নেতারা বলছেন, দিল্লি পুলিশ কেন্দ্রের আজ্ঞাবহ। পুলিশকে দিয়ে বিজেপি তার ‘নোংরা খেলা’ খেলতে শুরু করেছে। ধৃত ওই যুবকের বাবা ও পরিবারের অন্য সদস্যরা অবশ্য পুলিশের দাবি ও আম আদমি পার্টির সংস্পর্শ অস্বীকার করেছেন। কিন্তু তবুও বিতর্ক অব্যাহত।
এই অবস্থায় সংগত প্রশ্ন, ভোট মিটলেই কি উঠে যাবে শাহিনবাগের অবরোধ। আন্দোলনকারীদের মনোভাব অবশ্য ভিন্ন। তাঁরা অনড়। যদিও এমন একটা ধারণা ক্রমেই জমাট বাঁধছে, এত দিন নিষ্ক্রিয় থাকলেও ভোট মিটলেই দিল্লি পুলিশ সক্রিয় হয়ে উঠবে। ভালোয় ভালোয় অবরোধকারীরা চলে না গেলে পুলিশ বলপ্রয়োগে দ্বিধা করবে না।
কিন্তু ভোট? দিন যত এগোচ্ছে, দিল্লি দখলে বিজেপির জেদ ততই তীব্রতর হচ্ছে। বিজেপি তাদের ৩০৩ জন লোকসভা সদস্যকেই শনিবার পর্যন্ত দিল্লি থাকতে নির্দেশ দিয়েছে। বুধ ও বৃহস্পতি এই দুদিন দলের সব সাংসদ, ১১ রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের সব কেন্দ্রীয় মন্ত্রী এবং সর্বস্তরের নেতাদের সবাইকে দিল্লির কোণে কোণে ছড়িয়ে পড়তে বলা হয়েছে। এই নেতারা এই দুদিন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ১০ হাজার ছোট ছোট সভা করবেন। বিজেপির ভাষায় ‘নুক্কড় সভা’। দলের হাতে এই শেষবেলায় আরও একটা বড় হাতিয়ার তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করে।