দিল্লির মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনায় আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করে কেজরিওয়াল লিখেছেন, তিনি আইসোলেশনে রয়েছেন।
ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘আমি করোনায় আক্রান্ত। তবে উপসর্গ মৃদু। বাড়িতে আইসোলেশনে রয়েছি। যাঁরা গত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা আইসোলেশনে থাকুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন।’
অরবিন্দ কেজরিওয়াল এমন সময়ে করোনায় আক্রান্ত হলেন, যখন দিল্লিতে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। গতকাল সোমবার সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯ জন। দিল্লির স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সেখানে করোনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৬ দশমিক ৪৬। এ ছাড়া কোভিড-১৯-এ আক্রান্ত ও আক্রান্ত সন্দেহে ৬ হাজার ২৮৮ জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
সংক্রমণ ছাড়া মৃত্যুও বাড়ছে দিল্লিতে। গতকাল সেখানে মৃত্যুর রেকর্ড হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন ধরন অমিক্রনের কারণে দিল্লিতে সংক্রমণ বাড়ছে।
এ পরিস্থিতি সামাল দিতে গার্ডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) হাতে নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুসারে, এলাকাভিত্তিক সংক্রমণের হার, সংক্রমিত রোগীর সংখ্যা ও হাসপাতালে অক্সিজেন সরবরাহের ওপর ভিত্তি করে এলাকাগুলোকে বিভিন্ন জোনে ভাগ করা হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সংক্রমণের হারের ওপর নির্ভর করে এলাকাগুলোকে হলুদ, কমলা ও লাল জোন হিসেবে চিহ্নিত করা হবে। এরপর সেই অনুসারে পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া বর্তমান করোনা পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে জন্য দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আজ মঙ্গলবার বৈঠকে বসবে।