দিল্লির রাস্তায় এবার বসানো হচ্ছে বায়ু শোধনযন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূষণ কমাতে ভারতের রাজধানী দিল্লির কর্তৃপক্ষ এবার শহরের প্রধান প্রধান রাস্তার মোড়ে বায়ু শোধনযন্ত্র বসাতে যাচ্ছে। ধোঁয়াশায় নগরবাসীর দম বন্ধ হওয়ার উপক্রম হওয়াতেই এই ব্যবস্থা নিচ্ছে সরকার।
দিওয়ালি উৎসব উপলক্ষে দিল্লির বাসিন্দারা প্রচুর আতশবাজি ফোটাবে। সেগুলোর ধোঁয়ায় বাতাস আরও ভারী হবে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, তাঁরা দূষণের মাত্রা কমাতে নগরের মোড়ে মোড়ে বায়ু শোধনযন্ত্র বসানোর পরিকল্পনা করেছেন। পাশাপাশি একটি মোড়ে স্থাপন করা হবে ‘বাষ্পের ফোয়ারা’। এই প্রকল্প যত শিগগির সম্ভব বাস্তবায়ন করা হবে। তবে তাতে সম্ভবত দু-এক মাস সময় লাগবে।
সরকারি হিসাবে দিল্লির বাতাসে ক্ষতিকর কণার মাত্রা গত সপ্তাহে অনেক বেশি ছিল। এসব অতি সূক্ষ্ম কণা শ্বাসের সঙ্গে ফুসফুসে গিয়ে ঠাঁই নেয় এবং রক্তপ্রবাহেও মিশে যেতে পারে। ফলে মানুষের দুরারোগ্য ব্রংকাইটিস, ফুসফুসের ক্যানসার ও হৃদ্রোগ হতে পারে। দূষণ রুখতে নগরবাসীকে দিওয়ালি উৎসবে আতশবাজি ফোটানো থেকে বিরত থাকতে বলেছে সরকার।
নয়াদিল্লির বাতাসের মান বছরে বছরে আগের চেয়ে খারাপ হচ্ছে। দ্রুত নগরায়ণের ফলে সেখানে ডিজেল ইঞ্জিনের ব্যবহার বেড়েছে। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং শিল্পকারখানার বর্জ্য নিঃসরণের কারণেও দূষিত হচ্ছে বাতাস। এর আগে রাজপথে গাড়ির চাপ কমাতে জোড়-বিজোড় নম্বর ধরে গাড়ি চলার নিয়ম চালু করা হয়।