দিল্লির শাহী ইমামের 'ফতোয়ার' কারণে হেরেছে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লজ্জাকর হারের পেছনে দিল্লি জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারির ‘ফতোয়া’ (মতামত) প্রভাব ফেলেছে বলে অভিযোগ করেছেন কিরণ বেদী। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ও ভারতের প্রথম নারী ইন্ডিয়ান পুলিশ সার্ভিস কর্মকর্তা কিরণ বেদী ভোটে পরাজয়ের এক দিন পর গতকাল বুধবার নির্বাচন কমিশনকে এক চিঠিতে এ অভিযোগ করেন।
বেদীর এই বক্তব্যের নিন্দা জানিয়েছে কংগ্রেস। দলটির নেতা জেপি আগরওয়াল বলেন, যেদিন কিরণ বেদিকে মনোনয়ন দেওয়া হয়, ওই দিন থেকেই বিজেপির পতন শুরু হয়। ‘ফতোয়া’র বিষয়ে বেদীর মন্তব্যকে নোংরা বলেও উল্লেখ করেন তিনি।
কিরণ বেদী বলেন, শাহী ইমামের ‘ফতোয়া’ ভোটারদের স্বাধীনতায় প্রভাব ফেলেছে। কেননা এটা এক ধরনের নির্দেশনা। কমিশন ভোটের আগমুহূর্তে এ রকম নির্দেশনা কি মেনে নিতে পারে? এটা কি গণতন্ত্রের জন্য ভালো? এ বিষয়ে তদন্ত হোক।
দৃশ্যত ‘ফতোয়ার’ অভিযোগের মধ্য দিয়ে বেদী বলতে চেয়েছেন, বিজেপির দুর্গ পূর্ব দিল্লির কৃষ্ণনগর আসনে তাঁর পরাজয়ের পেছনে কাজ করেছে আম আদমি পার্টিকে (এএপি) সমর্থন দিতে মুসলিম ভোটারদের প্রতি ইমাম বুখারির আহ্বানের বিষয়।
কিরণ বেদী বলেন, মুসলিমদের প্রতি শাহী ইমামের আহ্বান নির্বাচনী ফলাফলে কোনো প্রভাব ফেলেছে কি না, তা নির্বাচন কমিশনের খতিয়ে দেখা দরকার। তিনি দাবি করেন, ভোট গণনার সময় তিনি এগিয়েই ছিলেন। কিন্তু যখন তাঁর আসনের মুসলিম ভোটার-অধ্যুষিত এলাকার ভোটের ফলাফল আসা শুরু করল, তখন তিনি পিছিয়ে পড়তে থাকলেন।