দিল্লির সামিটে বাংলাদেশের প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রতি পাঁচজনের মধ্যে একজন এখনো আধুনিক বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। তিন বিলিয়ন মানুষের হেঁশেল চলে কাঠ জ্বালিয়ে। ফলে দূষণ নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে উঠছে। উন্নয়নও থাকছে অধরা। দিল্লিতে ওয়ার্ল্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিটে (ডব্লিউএসডিএস) বিশেষজ্ঞরা উন্নয়ন প্রসঙ্গে বিদ্যুতের এই হালচিত্র তুলে ধরেন। 

সামিটে বক্তারা বাংলাদেশে সড়কের দুই পাশে গাছ লাগানো, স্যানিটেশন ও ক্ষুদ্রঋণের প্রশংসা করেন।
নয়াদিল্লির প্রখ্যাত প্রতিষ্ঠান টেরি (দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট) আয়োজিত এই সম্মেলনে স্লোগানই রাখা হয়েছে, ‘২০১৫-র পরে মানুষ, পৃথিবী ও প্রগতি’। ৫ থেকে ৮ অক্টোবর বিভিন্ন দেশের প্রতিনিধিরা সাসটেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে এই সামিটে অংশ নিচ্ছেন।

২৫ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে বেশ কয়েকটি ক্ষেত্রে ২০৩০-এর মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলে (এসডিজি) পৌঁছানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। সম্মেলনের প্রথম দিন বুধবার ডব্লিউএসডিএসে বিশেষজ্ঞরা সে বিষয়েই আলোকপাত করলেন। সাসটেইনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব অপ্রচলিত বিদ্যুৎ। তাঁদের মতে, গোটা দুনিয়াতেই বহু মানুষের কাছে এখনো বিদ্যুৎ পৌঁছে না দিতে পারাটা ব্যর্থতা। রাষ্ট্রসংঘের সাসটেইনেবল এনার্জি ফর অলের বিশেষ প্রতিনিধি রাসেল কাইট বিষয়টি উল্লেখ করে ভারতে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন। তবে ভারতীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অরুণ কুমার ভার্মা জানান, ২০১৮ সালের মে মাসের মধ্যে দেশের প্রতিটি গ্রামে পৌঁছে যাবে বিদ্যুৎ। তবে, ভারতের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছাবে ২০২২ সালে।

অস্ট্রিয়ার অপ্রচলিত শক্তি মন্ত্রণালয়ের অধিকর্তা মার্টিন হিলারের মতে, বিদ্যুৎ শক্তি সবার মধ্যে পৌঁছে দিতে প্রতিটি রাষ্ট্রকেই সঠিক সময়ে সঠিক অর্থ সঠিক স্থানে খরচ করা উচিত। চারদিকে সবুজ ধ্বংস নিয়ে কথা বলতে গিয়ে এদিনের আলোচনায় বাংলাদেশ প্রশংসিত হলো বিশেষজ্ঞদের কাছে। নয়াদিল্লির এনার্জি অ্যান্ড রিসোর্সের ডিরেক্টর দেবজিৎ পালিতের মতে, সড়কের দুধারে সবুজায়নে বাংলাদেশ বহু দেশকেই টেক্কা দিয়েছে। তাঁর সাফ কথা, সবুজায়নে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে রয়েছে।

ভারতে স্বচ্ছ ভারত অভিযান চললেও স্যানিটেশনের ক্ষেত্রেও বিশেষজ্ঞদের প্রশংসা ছিনিয়ে নিল বাংলাদেশ। টেরির ডিরেক্টর সুনীল পান্ডের মতে, স্যানিটেশনে বাংলাদেশের অগ্রগতি অবশ্যই প্রশংসনীয়। একইভাবে ভারত সরকারের উচ্চপদস্থ আমলা এস বিজয়কুমার বাংলাদেশের মাইক্রো ক্রেডিটের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। তাঁর মতে, গ্রামোন্নয়ন বা দারিদ্র্য দূরীকরণ বড় সমস্যা হলো ঋণদানে ব্যাংকের অনীহা। কিন্তু বাংলাদেশে মাইক্রো ক্রেডিটের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, গোটা দুনিয়াতেই জমির সমস্যাটাই বড় হয়ে দাঁড়াচ্ছে।
বর্ষীয়ান সাংবাদিক অরুল লুইস, গীতাঞ্জলি আইয়ার-এর তত্ত্বাবধানে সামিটে আয়োজন করেছে মিডিয়া কলিকিয়াম। এই কলিকিয়ামে প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় টেরি বিশ্ববিদ্যালয়ের ডিন অমিত কুমার মন্তব্য করেন, উন্নয়নের প্রধান শর্তই হচ্ছে এনার্জি। সেই সঙ্গে গ্রামাঞ্চলের সড় যোগাযোগও অত্যন্ত জরুরি।