দিল্লির স্কুল বন্ধের নির্দেশ
জানুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিল দিল্লি সরকার। রাজধানীর রাস্তায় গাড়ির সংখ্যা কমাতে সরকারের নতুন নীতি সফল করতে এই সিদ্ধান্ত।
দিল্লির মাত্রাছাড়া দূষণ রোধে সরকার ঠিক করেছে, জানুয়ারির ১ তারিখ থেকে ১৫ পর্যন্ত জোড় ও বিজোড় সংখ্যার গাড়ি ভাগাভাগি করে চলবে। গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যা বিজোড় হলে তা চলবে সোম, বুধ ও শুক্রবারে। জোড় সংখ্যার গাড়ি চলবে মঙ্গল, বৃহস্পতি ও শনিবারে। রোববার ছুটির দিন বলে সব গাড়ির চলাচলে কোনো বাধা নেই। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। ১ থেকে ১৫ জানুয়ারি নতুন এই নীতি কতটা কার্যকর হয়, তা দেখে পরে চূড়ান্ত নীতি ঠিক করা হবে। এই বিধিনিষেধ অবশ্য শুধু বেসরকারি গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। সরকারি যান ও যাত্রীবাহী বাস, ট্যাক্সি, অটো ও ট্রাক এর আওতায় পড়ছে না।
জোড়-বিজোড় সংখ্যার গাড়ির বিধিনিষেধ কার্যকর করতে সরকারি যানের বহর বাড়ানো হবে। বেশ কিছু বেসরকারি বাসও চালানো হবে বলে ঠিক হয়েছে। এই ১৫ দিন স্কুল পড়ুয়াদের যাতে অসুবিধে না হয়, সে জন্য রাজধানীর সব স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ করা হয়েছে। উদ্দেশ্য দুটি। প্রথম উদ্দেশ্য, স্কুল পড়ুয়াদের যাতে অসুবিধায় পড়তে না হয়। দ্বিতীয় উদ্দেশ্য, স্কুলের বাসগুলো যাত্রী পরিষেবায় কাজে লাগানো।
এমনিতে দিল্লির স্কুলে ৭-৮ জানুয়ারি পর্যন্ত শীতের ছুটি থাকে। এবার সেই ছুটি আরও এক সপ্তাহ বাড়ানো হলো। দিল্লি সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সমর্থন দিয়েছে। ফলে সিদ্ধান্ত রূপায়ণে দিল্লি পুলিশ সহযোগিতা করবে জানিয়েছে। নিয়ম ভাঙার শাস্তি দুই হাজার টাকা। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় থাকছে। নারীরা গাড়ি চালালে তাঁদের ছাড় দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।