দিল্লির ৩০০ বিচারকের বিরুদ্ধে তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার ও ল্যাপটপ কেনার ক্ষেত্রে অর্থের অনিয়মের অভিযোগে দিল্লির নিম্ন আদালতের প্রায় ৩০০ জন বিচারককে নজরদারির আওতায় এনেছেন হাইকোর্ট। ২০১৩ সালে কম্পিউটার ও ল্যাপটপ কেনার জন্য দিল্লি সরকার ও দিল্লি হাইকোর্ট এই তহবিল গড়েছিলেন। কিন্তু এগুলো কেনাকাটার ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে কর্তৃপক্ষ তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে আজ সোমবার জানানো হয়, দিল্লির উচ্চ আদালতের প্রধান বিচারপতি জি রোহিনী হাইকোর্টের তিনজন বিচারপতির নেতৃত্বে অনিয়ম তদন্ত করতে উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করেছেন। এই কমিটি নিম্ন আদালতের বিচারকদের জমা দেওয়া কম্পিউটার ও ল্যাপটপ কেনা-সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখবে।

এই কর্মসূচির আওতায় নিম্ন আদালতের প্রত্যেক বিচারক কম্পিউটার সুবিধাদি উন্নীতকরণে এক লাখ ১০ হাজার রুপি করে বরাদ্দ পান। এই অর্থ দিয়ে তাঁদের কম্পিউটার, ল্যাপটপ বা আইপ্যাডের মধ্যে নিজের পছন্দমতো যেকোনোটি বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিচারকেরা এই অর্থ কোথায়, কীভাবে ব্যয় করেছেন—তদন্ত কমিটি তার ব্যাখ্যা ও রসিদ চেয়েছে।